যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, বর্তমানে সিরিয়ার প্রায় ৯৫ হাজার বর্গকিলোমিটার এলাকা কথিত ইসলামিক স্টেট যোদ্ধারা নিয়ন্ত্রণ করছে। দেশটির ১৪টি প্রদেশের মধ্যে ৯টিই আইএসের নিয়ন্ত্রণে। খবর আলজাজিরার
সিরিয়ার রাজধানী দামেস্কের ২১০ কিলোমিটার উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত পালমিরা দেশটির হোমস প্রদেশের মধ্যভাগে। গতকাল বৃহস্পতিবার ওই অঞ্চলের দখল নেয় আইএস। ইউনেস্কো ঘোষিত বিশ্বঐতিহ্যের অংশ এটি।
এর আগে মার্চ মাসে সিরিয়ার দিরা প্রদেশের বসরা শহরও দখলে নিয়েছিল আইএস। এ শহরটিও ইউনেস্কোর বিশ্বঐতিহ্যের অংশ। এ ছাড়া এপ্রিলে দামেস্কের মধ্যভাগ থেকে ৮ কিলোমিটার দূরে ইয়ারমুক শরণার্থী ক্যাম্প দখল করে নেয়। ওই ক্যাম্পে ফিলিস্তিনের শরণার্থীরা বসবাস করে।
পালমিরায় সক্রিয় কয়েকজন মানবাধিকারকর্মী নাম প্রকাশ না করার শর্তে আলজাজিরাকে বলেন, বুধবার সন্ধ্যায় গোটা শহরের নিয়ন্ত্রণ নেয় আইএস। এর পর থেকে স্থানীয় লোকজন ঘরবাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করছে।
একজন মানবাধিকারকর্মী বলেন, আইএস শহরের দখল নিয়েছে। বিদ্যুৎ বা পানি নেই বললেই চলে। বাসিন্দাদের মধ্যে আতঙ্ক কাজ করছে। জানি না, আমাদের জন্য কী অপেক্ষা করছে।
এএইচ





