জঙ্গীদের হামলায় উত্তরাঞ্চলীয় আফগানিস্তানে কমপক্ষে সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। উত্তরাঞ্চলীয় বাঘলান প্রদেশের গভর্নরের মুখপাত্র মাহমুদ হাকমল জানান, আবাসিক এলাকায় একটি বাড়ির ওপর মর্টার শেল আঘাত হানলে একই পরিবারের সাতজন নিহত হয়।

নিহতরা হলো একজন মা ও তার ছয় সন্তান। এছাড়াও আরেকটি সন্তান আহত হয়েছে।এই হামলার জন্য কোনও গ্রুপ বা ব্যক্তি দায় স্বীকার করেনি তবে এধরণের হামলার জন্য সচরাচর তালেবান জঙ্গীদেরই দায়ী করা হয়।

আফগানিস্তানে হতাহতদের মধ্যে শিশুদের সংখ্যা বেড়ে যাওয়ায় সম্প্রতি জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছে। গত ২৬ অক্টোবর আফগানিস্তানে জাতিসংঘ সহায়তা মিশন এক নতুন রিপোর্টে উদ্বেগ প্রকাশ করে জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে শিশুদের হতাহত হওয়ার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে।

রিপোর্টে বলা হয়, চলতি বছর সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ৬৩৯ জন শিশু নিহত এবং ১৮২২ জন আহত হয়েছে। উল্লেখ্য, ২০১৩ সাল থেকে শুরু করে চলতি বছর পর্যন্ত শিশুদের হতাহতের সংখ্যা ক্রমশই বাড়ছে।

জেড