যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাচ্ছেন। রাশিয়া প্রতিবেশী দেশ ইউক্রেন আক্রমণ করার এক মাস পর, আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটোর একটি ‘বিশেষ’ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বাইডেন।

হোয়াইট হাউজের প্রেস সচিব জেন সাকি বাইডেনের ব্রাসেলস সফরের পরিকল্পনা ঘোষণা করার কয়েক ঘণ্টা পর ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ বৈঠকের আহ্বান জানিয়ে এক টুইট বার্তায় বলেছেন, জোটের সদস্যরা ‘ইউক্রেনে রাশিয়ার আক্রমণ, ইউক্রেনের প্রতি আমাদের দৃঢ় সমর্থন এবং ন্যাটোর প্রতিরোধ ও প্রতিরক্ষাকে আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা করবেন।

গতকাল মঙ্গলবার ভোরে রাশিয়ার বোমা হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন ধরে যায় এবং এতে চারজন মারা যায়। আগুনের ভয়াবহতা এতোই বেশী ছিল যে, ক্ষিপ্র গতিতে উদ্ধার তৎপরতা শুরু হয়ে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো মঙ্গলবার রাত থেকে পরবর্তী ৩৫ ঘণ্টার জন্য শহরে কারফিউ ঘোষণা করেছেন।

অন্যদিকে, প্রায় তিন সপ্তাহ ধরে কিয়েভের উপর রাশিয়ান বাহিনীর উপুর্যপুরি আক্রমণ এবং অন্যান্য শহরগুলোতে বোমাবর্ষণের মধ্যে তিনজন ইউরোপীয় নেতা ইউক্রেনের প্রতি সমর্থন জানাতে রাজধানী কিয়েভ সফর করেন।

সফরকারী নেতাদের মধ্যে চেক প্রধানমন্ত্রী পেত্র ফিয়ালা বলেছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেন্সকি এবং প্রধানমন্ত্রী ডেনিস শ্যামিহালের সাথে বৈঠকে ইউরোপীয় কাউন্সিলের প্রতিনিধিত্ব করতে পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি এবং স্লোভেনীয় প্রধানমন্ত্রী জেনেজ জানসার সাথে মঙ্গলবার কিয়েভে গেছেন।

মঙ্গলবার, ইউক্রেনের সংসদ আগামী ২৪ এপ্রিল পর্যন্ত দেশটির জরুরি অবস্থা আরো এক মাসের জন্য বাড়ানোর পক্ষে ভোট দিয়েছে। এছাড়া ১৮ থেকে ৬০ বছরের পুরুষদের দেশ ত্যাগ করতে বাধা দেয়া হয়েছে, যাতে তাদের সামরিক বাহিনীতে যোগদানের জন্য ডাকা যেতে পারে।

জাতিসঙ্ঘ মঙ্গলবার বলেছে, আগ্রাসন শুরু হওয়ার পর থেকে ইউক্রেন থেকে পালিয়ে যাওয়া মানুষের সংখ্যা ৩০ লাখে পৌঁছেছে।

এবিএস