ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বিজয় এবং তেল আবিবকে নিশঃর্তভাবে স্থায়ী যুদ্ধবিরতি মানতে বাধ্য করার পর সারা বিশ্বের সমর্থকদেরকে ধন্যবাদ জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলন।

লেবাননের রাজধানী বৈরুতে এক সংবাদ সম্মলেনে সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতা আব্দুল্লাহ হামদান এ ধন্যবাদ জানান। তিনি বলেন, সারা বিশ্বের যেসব সমর্থক অর্থনৈতিক, রাজনৈতিক ও নৈতিক সমর্থন দিয়েছে তাদের সবাইকে ধন্যবাদ; এ বিজয় সবার। হামদান আরো বলেন, "ইহুদিবাদী ইসরাইল গাজার ওপর থেকে অবরোধ তুলে নিতে রাজি হয়েছে- এটি আমাদের আসল বিজয় নয়; বরং আমাদের আসল বিজয় হচ্ছে- আল-কুদস মুক্ত করার পথ আমাদের জন্য খুলে গেছে। ইহুদিবাদীরা দীর্ঘমেয়াদি যুদ্ধে যে কতটা অসহায় তা প্রমাণিত হয়েছে। তাদের অন্যান্য দুর্বল দিকগুলিও আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে।"

তিনি বলেন, “ফিলিস্তিন আগে যুদ্ধ শুরু করেনি, যুদ্ধ শুরু করেছে ইহুদিবাদী ইসরাইল। এর দায়ভাগও তাদের। যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তাদেরকে আল্লাহর হাতে ছেড়ে দিলাম।”

ইসলামি জিহাদ আন্দোলনের এ নেতা বলেন, “ইসরাইলের সঙ্গে লড়াই করা ছাড়া আমাদের সামনে আর কোনো পথ খোলা নেই। সাম্প্রতিক যুদ্ধ শেষ হলেও নানা কায়দায় তেল আবিবের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর যুদ্ধ অব্যাহত থাকবে।”

তিনি বলেন, গাজার ওপর থেকে অবশ্যই নিঃশর্তভাবে অবরোধ তুলে নিতে হবে এবং রাফাহ ক্রসিং সাপ্তাহিক ভিত্তিতে খুলে দিতে হবে। তবে, গাজায় সীমিত পর্যায়ে পণ্য-সামগ্রীর প্রবেশ মেনে নেবে না প্রতিরোধ আন্দোলনগুলো।

ইসলামি জিহাদ নেতা সুস্পষ্ট করে ঘোষণা দেন- ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলনগুলোর সামরিক সক্ষমতা নিয়ে কোনো আলোচনা হবে না এবং এটা কোনো আলোচনার বিষয়বস্তুও নয়; এটা তাদের জন্য রেড লাইন।

সংবাদ সম্মলনে তিনি সবশেষে গাজার পুনর্গঠনে আরব দেশগুলোর সহযোগিতা অবশ্যই থাকেতে হবে বলে উল্লেখ করেন। সূত্র: আইআরআইবি

ঢাকা, ২৭ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই