ইরাক ও সিরিয়ায় প্রভাব বিস্তারকারী ইসলামি স্টেটকে নির্মূলের জন্য অনুষ্ঠেয় প্যারিস সম্মেলনে যোগ দিতে পারছে না ইরান।
সিরিয়ার বাশার আল আসাদের সরকারকে সমর্থন করায় তাকে এ সম্মেলনে ডাকা হচ্ছে না বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
শুক্রবার তুরস্ক সফরের সময় কেরি বলেন, আসাদ সরকারকে সমর্থন করার কারণে সোমবার অনুষ্ঠেয় প্যারিস সম্মেলনে ইরান যোগ দিতে পারছে না। ওই সম্মেলনে জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই করার জন্য একটি সামরিক জোট গঠনের বিষয় নিয়ে আলোচনা করা হবে।
শুক্রবার আঙ্কারায় এক বিবৃতিতে তিনি বলেন,বর্তমান পরিস্থিতিতে আমরা সিরিয়া এবং অন্যান্য ইস্যুকে আলোচনায় রাখছি না। তাই প্যারিস সম্মেলনে যোগ দেয়ার জন্য তেহরানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানায়নি যুক্তরাষ্ট্র।
অবশ্য সিরিয়ায় আইএসের বিরুদ্ধে হামলার জন্য যুক্তরাষ্ট্র যে জোট গ্রহণ করতে যাচ্ছে তাতে যোগ দেয়ার ব্যাপারে কোনো আগ্রহ প্রকাশ করেনি ইরান। তবে ওই গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইরত ইরাকি সেনাদের সহায়তার জন্য বাগদাদ সরকারের প্রতি সেনা পাঠানোর প্রস্তাব দিয়েছিল দেশটি। তাদের এ প্রস্তাবেও রাজি হয়নি যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র ইরাক সরকারকে সমর্থন করলেও সিরিয়া এবং সিরিয়ার গৃহযুদ্ধে ইরানের ভূমিকার বিরোধিতা করে থাকে। এ কারণেই আইএস বিরোধী কোনো কর্মকাণ্ডে তারা এ ২টি দেশকে সম্পৃক্ত করতে চাইছে না।
কেরি তার সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে আইএস বিরোধী সামরিক জোট গঠনে মিশর, ইরাক, জর্দান, লেবানন, সৌদিআরব ও কাতারসহ অন্য ১০টি দেশের সমর্থন পেয়েছে। তবে তারা কী ধরনের সহায়তা করছে তা স্পষ্ট নয়। এই বিষয়টি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন কেরি।
তিনি আশা প্রকাশ করে বলেছেন,যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং মধ্যপ্রচ্যের দেশগুলোর সমন্বয়ে একটি ব্যাপক জোট গঠিত হবে এবং সঠিক সময়ে জোটে অংশগ্রহণকারী দেশগুলোর ভূমিকা বিস্তারিতভাবে জানানো হবে। শনিবার মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে কায়রো যাচ্ছেন কেরি।
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





