সীমান্ত এলাকায় পিয়ংইয়ং বিরোধী প্রচারণা বন্ধে দক্ষিণ কোরিয়াকে শনিবার স্থানীয় সময় বিকেল ৫টা (বাংলাদেশ সময় দুপুর আড়ইটা) পর্যন্ত সময় দিয়েছে উত্তর কোরিয়া। দেশটি জানিয়েছে, এ সময়ের মধ্যে যদি দক্ষিণ কোরিয়া সীমান্তে লাউড স্পিকারে উত্তর কোরিয়াবিরোধী প্রচারণা বন্ধ না করে, তাহলে সিউলকে হামলার মাধ্যমে জবাব দেওয়া হবে। তবে দক্ষিণ কোরিয়া জানিয়েছে, তারা সীমান্তে লাউড স্পিকারে প্রচারণা বন্ধ করবে না। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা ও নিউইয়র্ক টাইমসের
কোরিয়া সীমান্তে বৃহস্পতিবার দুই দেশের মধ্যে গুলিবিনিময় হয়েছে। এ ঘটনার পর দুই কোরিয়া সীমান্তে বিপুলসংখ্যক সেনাসদস্য মোতায়েন করেছে। ফলে যেকোনো সময় দুই দেশের মধ্যে বড় ধরনের যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে।
গুলিবিনিময় শুরুর জন্য উত্তর কোরিয়াকে দায়ী করে স্থানীয় বাসিন্দা ও নিজ সেনাবাহিনীর মনোবল চাঙা করতে দক্ষিণ কোরিয়া ওই এলাকায় প্রচারণা চালাচ্ছে। তবে এ প্রচারণার তীব্র বিরোধিতা করে আজ শনিবার বাংলাদেশ সময় আড়াইটার মধ্যে তা বন্ধে সময়সীমা বেঁধে দিয়েছে উত্তর কোরিয়া। তা না হলে দক্ষিণ কোরিয়ায় হামলা চালানোর হুমকি দিয়েছে দেশটি।
শনিবার সকালে উত্তরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়াকে সতর্ক করে দিয়ে বলেছে, ‘অবস্থা যুদ্ধের দ্বারপ্রান্তে চলে গেছে, যা নিয়ন্ত্রণ এখন খুবই কঠিন। উত্তর কোরিয়া শুধু দক্ষিণের উসকানির জবাব দেওয়ার জন্যই নয়, দেশের জনগণ যে ব্যবস্থা পছন্দ করে তার জন্যও সর্বাত্মক যুদ্ধে প্রস্তুত।’
জেআই





