সিরিয়ায় মার্কিন বিমান হামলায় মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) তথ্যমন্ত্রী ওয়াইল আদিল হাসান সালমান আল ফায়াদ নিহত হয়েছেন।

মার্কিন সামরিক সদর দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে আজ শনিবার বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ডক্টর ওয়াইল নামে পরিচিত এ নেতা আইএসের সবচেয়ে জ্যেষ্ঠ নেতা। আইএস বিভিন্ন সময় যেসব মৃত্যুদণ্ড কার্যকর করেছে, তার ভিডিও দৃশ্য ধারণ করে প্রচারণার সঙ্গে জড়িত ছিলেন তিনি।

পেন্টাগন জানিয়েছে, গত ৭ সেপ্টেম্বর সিরিয়ার রাক্কা প্রদেশের কাছে এক বিমান হামলায় আইএসের শীর্ষ নেতাদের ফোরাম শুরা কাউন্সিলের সদস্য আল ফায়াদ নিহত হন।
গত মাসে নিহত আইএসের রণকৌশল প্রণেতা আবু মোহাম্মদ আল আদনানির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন তিনি।

পেন্টাগনের প্রেস সেক্রেটারি পিটার কুক এক বিবৃতিতে দাবি করেন, আইএসের জ্যেষ্ঠ নেতারা নিহত হওয়ার মধ্য দিয়ে ইরাক-সিরিয়ায় গোষ্ঠীটির নিয়ন্ত্রণ খর্ব হচ্ছে।

তার দাবি, নেতাদের হত্যার কারণে আইএস তার নিয়ন্ত্রণাধীন এলাকায় ও বিশ্বের অন্যান্য অঞ্চলে সরাসরি হামলা করার পরিকল্পনা এবং এজন্য অর্থায়ন করার সক্ষমতা হারিয়ে ফেলছে। পিটার কুক আরও বলেন, আমরা জোট শরিকদের সঙ্গে সহযোগিতা বজায় রেখে আইএসকে চূড়ান্তভাবে পরাজিত করার জন্য লড়াই অব্যাহত রাখবো।

চলতি সপ্তাহের শুরুতে পেন্টাগন জানিয়েছিল, গত মাসে সিরিয়ার উত্তরাঞ্চলে মার্কিন বিমান হামলায় আইএসের প্রধান প্রচারণাকারী আবু মোহাম্মদ আল আদনানি নিহত হয়েছেন। তার মাথার জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র।

এমএনজে