প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রে কোন মসজিদ পরিদর্শনে যাচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার বাল্টিমোরের কাছে একটি মসজিদ পরিদর্শনে যাওয়ার কথা তার। এর মাধ্যমে তিনি সহিষ্ণুতা ও ধর্মীয় স্বাধীনতার প্রতি সমর্থন প্রকাশ করবেন।

শনিবার হোয়াইট হাউস থেকে এমনটাই বলা হয়েছে। এ খবর দিয়ে বার্তা সংস্থা এএফপি বলছে, যদিও ওবামা ২০১০ সালের সফরের সময় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মসজিদ পরিদর্শন করেছেন তবু যুক্তরাষ্ট্রে এটাই হবে প্রেসিডেন্ট হিসেবে তার প্রথম মসজিদ পরিদর্শন।

ঘটনাটি এমন এক সময়ে ঘটছে যখন যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষী প্রচারণা প্রবল, রিপাবলিকান দল থেকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে মুসলিমদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধ করা উচিত।

হোয়াইট হাউজের এক কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্রে মুসলিম আমেরিকানদের অবদানকে উদযাপন করতে মেরিল্যান্ডে ইসলামিক সোসাইটি অব বাল্টিমোর মসজিদে যাবেন প্রেসিডেন্ট। এ মসজিদটি বাল্টিমোর থেকে সোজা পশ্চিমে ক্যাটোনসভিলে শহরে। হোয়াইট হাউজের ওই কর্মকর্তা বলেন, পরিদর্শনকালে মুসলিম সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে সাক্ষাত করবেন ওবামা। প্রকৃত মূল্যবোধের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখতে পারেন। গত বছর শেষের দিকে প্যারিস ও ক্যালিফোর্নিয়ার সান বারনারডিনোতে সন্ত্রাসী হামলায় জড়িত কট্টরপন্থি কিছু মুসলিম। এর পরই সব মুসলিমকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দেয়ার আহ্বান জানান ডোনাল্ড ট্রাম্প।

তিনি আরও উল্লেখ করেন, ২০০১ সালে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে সন্ত্রাসী হামলার পর নিউ জার্সিতে মুসলিমদের উল্লাস করতে দেখেছেন তিনি। এ দৃশ্য দেখেছেন টেলিভিশনে। তবে ট্রাম্পের এমন দাবি নিরপেক্ষ কোন সূত্র নিশ্চিত করে নি। ওদিকে যুক্তরাষ্ট্রে মুসলিম ও মসজিদের ওপর হামলা বৃদ্ধির রিপোর্ট পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্র থেকে।

এ অবস্থার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রে ধর্মে বিশ্বাসী নেতারা বারাক ওবামাকে মসজিদ পরিদর্শনের আহ্বান জানান। উল্লেখ্য, ১৯৬৯ সালে কিছু মুসলিম পরিবার ইসলামিক সোসাইটি অব বাল্টিমোর প্রতিষ্ঠা করেন। এর পর তার সম্প্রসারণ হয়েছে। একটি স্কুল প্রতিষ্ঠিত হয়েছে। একটি নার্সারি প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠিত হয়েছে একটি স্বাস্থ্য ক্লিনিক।

এমএইচ