মার্কিন সাংবাদিক জেমস ফোলির হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজটি সাজানো ছিল এবং ক্যামেরার সামনে ফোলিকে হত্যা করা হয়নি। ভিডিও ফুটেজ সংক্রান্ত এক বিশেষজ্ঞ এ দাবি করেছেন। জেমস ফোলিকে হত্যা করার ভিডিও ইরাকের সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ইন্টারনেটের মাধ্যমে প্রচার করেছে।
দু’বছর আগে নিখোঁজ মার্কিন এ সাংবাদিককে গলা কেটে হত্যা করার ভিডিও ইন্টারনেটে চলতি মাসের ১৯ তারিখে প্রকাশ করা হয়। এই অমানবিক হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজকে চলতি মাসের ২০ তারিখে সত্য বলে অভিহিত করেছিল হোয়াইট হাউজ।
ভিডিওতে দেখানো হয়েছে, আইএস'র একজন কালো মুখোশধারী সদস্য ছুরি দিয়ে জেমস ফোলির গলা কাটছে । ইরাকে আইএস'র ওপর মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবে ফোলিকে হত্যার কথা ভিডিওতে বলা হয়েছে।
কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক ভিডিও বিষয়ক এক বিশেষজ্ঞ ব্রিটিশ দৈনিক টাইমসকে বলেছেন, ভিডিওর মুখোশধারী ব্যক্তিটি সত্যিই হয়ত ফোলির গলা কাটেনি। গলাকাটা দৃশ্যকে সাজানো বলে মন্তব্য করে তিনি বলেন, ফোলিকে যখন হত্যা করা হয় তখন সেখানে হয়তো ক্যামেরা চালু ছিল না।
তিনি বলেন, ভিডিওতে ফোলির গলার চারপাশে ছুরি ঘোরানোর দৃশ্য দেখানো হয়েছে কিন্তু এতে কোনো কাটার দাগ হতে দেখা যায়নি। বা ফোলির গলা দিয়ে রক্ত ফিনকি দিয়ে বের হয়ে আসেনি। এ ছাড়া গলাকাটার সময়ে ফোলি যে শব্দ করেছেন তাও সঠিক শব্দ নয় বলেই এ বিশেষজ্ঞ মনে করেন।
অবশ্য ফোলিকে যে হত্যা করা হয়েছে তা নিয়ে কেউ কোনো সংশয় প্রকাশ করেনি বা কোনও বিতর্ক তুলেনি। সূত্র: আইআরআইবি
ঢাকা, ২৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





