তুরস্কের নিষিদ্ধঘোষিত বিদ্রোহী সংগঠন কুর্দিস্তান ওয়াকার্স পার্টির (পিকেকে) যোদ্ধাদের হামলায় দেশটির অন্তত ১৫ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। এর জবাবে তুর্কি সেনাবাহিনী বিদ্রোহীদের ওপর বিমান হামলা চালিয়েছে।
এক বিবৃতিতে পিকেকে দাবি করেছে, হাক্কারি প্রদেশের ইয়কসকোভা জেলায় সেনা সদস্যদের গাড়িবহর লক্ষ্য করে রবিবার হামলা চালায় তাদের যোদ্ধারা। এতে অন্তত ১৫ জন সেনা সদস্য নিহত হয়েছেন। সেইসঙ্গে হামলাকারী বেশ কিছু অস্ত্রশস্ত্র নিয়ে পালিয়ে যায় বলে দাবি করেছে সংগঠনটি।
তুরস্ক সরকার এবং কুর্দিদের মধ্যে ২০১২ সালে সম্পাদিত শান্তি চুক্তি জুলাই মাসে ভেঙ্গে যাওয়ার পর এই একদিনে এত সেনা নিহতের ঘটনা ঘটল।
তুরস্ক সরকার হামলার বিষয়টি নিশ্চিত করলেও হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ইরান ও ইরাক সীমান্তের ওই হামলার কথা স্বীকার করলেও হতাহতের কোনো সংখ্যা উল্লেখ করেননি।
এদিকে, রবিবারের ওই হামলার প্রতিবাদের কুর্দিদের ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। বিমান হামলায় বেশ কিছু বিদ্রোহী নিহতের কথা বলা হলেও সঠিক কোনো সংখ্যা উল্লেখ করা হয়নি।
এএইচ





