চীনশাসিত হংকংয়ে চলমান সরকারবিরোধী গণতন্ত্রপন্থী আন্দোলনে অংশ নিয়েছেন স্কুল-বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। সোমবার ক্লাস পরীক্ষা বর্জন করে তারা বিক্ষোভে যোগ দেন।

হংকং শহরের বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি চায়নিজ ইউনিভার্সিটি অব হংকং। ক্লাস বর্জন করে বিশ্ববিদ্যালয়ের বাইরে একটি মঞ্চ নির্মাণ করেছেন শিক্ষার্থীরা।

সেখান থেকে প্রতিবাদমূলক বক্তব্য দিচ্ছেন তারা। মঞ্চকে ঘিরে অবস্থান করছেন শত শত শিক্ষার্থী।

কেবল বিশ্ববিদ্যালয় নয়, শহরের মাধ্যমিক বিদ্যালয়গুলোর বাইরেও ব্যানার হাতে শিক্ষার্থীদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

এদিকে টাইফুনের হুশিয়ারি থাকায় বন্ধ রয়েছে হংকংয়ের প্রাথমিক বিদ্যালয়গুলো। গ্রীষ্মকালীন ছুটি শেষ হয়েছে আজ সোমবার।

তবে হংকং সরকারের প্রধান সচিব ম্যাথু চিয়াং বলেছেন, স্কুল বিক্ষোভের জায়গা নয়।

অন্যদিকে বিক্ষোভকারীরা হরতালের ডাক দিলেও বেশিরভাগ হংকংবাসী প্রাত্যহিক জীবনযাপনে ব্যস্ত রয়েছেন।

বিশ্বের অন্যতম ব্যস্ত এই অর্থনৈতিক অঞ্চলজুড়ে দোকানপাট খোলা রয়েছে। চলছে ট্রেন। অফিসে যেতে দেখা যায় কর্মজীবীদের।

কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে হংকং।

তিন মাসের বেশি সময় ধরে চলমান আন্দোলনে থেকে পুলিশের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে জড়াচ্ছেন আন্দোলনকারীরা।

ব্যারিকেড পোড়ানো থেকে শুরু করে পুলিশকে লক্ষ্য করে পেট্রল বোমা ছুড়েছেন বিক্ষোভকারীরা।

পুলিশও জলকামান, কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে পাল্টা জবাব দিয়েছে। পুলিশের হাতে নিয়মিত আটকও হচ্ছেন আন্দোলনকারীরা।

এমআর