ইরাকি সেনা বাহিনীর ত্রাণ, অস্ত্র ও গোলাবারুদ তাদের শত্রু ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদেরকে দিয়ে এসেছে দেশটির বিমানবাহিনীর পাইলটরা।
ইচ্ছা করে নয়, ভুল করে বিশাল পরিমাণ রসদ সম্প্রতি আইএস সদস্যদের দিয়ে আসেন ওই পাইলটরা।
ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকি সেনা পাইলটরা সম্প্রতি সেনা সদস্যদের জন্য ত্রাণ, অস্ত্র ও গোলা-বারুদ নিয়ে যান। কিন্তু ভুল করে আইএস সদস্যদের দখল করা অঞ্চলে ফেলে আসেন তারা।
ইরাকি নিরাপত্তা বাহিনীর এক ঊর্ধ্বতন কর্মকর্তা ও এক ব্রিগেডিয়ার জেনারেল মার্কিন এনবিসি টেলিভিশনকে জানান, পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সাগলাওয়াহ-এ ইরাকি সেনাদের সহায়তায় খাদ্য, পানি, অস্ত্র ও গোলা-বারুদ পাঠানো হয়। পাইলটরা ভুল করে তা আইএস নিয়ন্ত্রিত অঞ্চলে ফেলে আসেন।
ব্রিগেডিয়ার জেনারেল জানান, ইরাকি বিমানবাহিনীর অনেক পাইলটের পর্যাপ্ত অভিজ্ঞতা নেই। আবার তাদের বেশিরভাগই তরুণ ও নতুন।
দেশটির সংসদ সদস্য ও নিরাপত্তা এবং প্রতিরক্ষা কমিটির সদস্য হাকিম আলজামিলি জানান, ওই রসদগুলো যুদ্ধরত সেনা সদস্যদের জন্য খুবই প্রয়োজন ছিল। সেখানে এক সপ্তাহের রসদ ছিল।
জামিলি বলেন, ‘কিছু পাইলট রসদগুলো ইরাকি সেনাবাহিনীর নিয়ন্ত্রিত এলাকার পরিবর্তে আইএস নিয়ন্ত্রিত এলাকায় ফেলে এসেছে।’
তারা উভয়ই ওই ঘটনার তদন্তের কথা জানিয়েছেন।
প্রসঙ্গত, সম্প্রতি ইরাকের বেশ কয়েকটি অঞ্চল দখল করে সেখানে খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয় আইএস। এরপর গত আগস্ট থেকে আইএসকে দমনে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বিমান হামলার সহায়তায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইরাকি সেনাবাহিনী।তথ্যসূত্র : ইন্ডিপেনডেন্ট।
এসএইচ





