তুরস্কে রোববার স্থানীয় সরকার নির্বাচনে ৫ কোটির বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। এ নির্বাচনকে প্রতিবাদ-বিক্ষোভ ও কথিত দুর্নীতি কেলেংকারির কারণে চাপে থাকা প্রধানমন্ত্রী রিসেপ তাইয়িপ এরদোগানের জনপ্রিয়তার কঠিন পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।
নিজ দলের সমর্থকদের কাছে ‘সুলতান’ হিসেবে প্রশংসিত এবং বিরোধীদের দ্বারা ‘একনায়ক’ অভিহিত এরদোগান কয়েক সপ্তাহ ধরে মেয়র প্রার্থীদের পাশাপাশি নির্বাচনী প্রচারণা চালান।
এই নির্বাচনকে তার ১১ বছরের শাসন প্রশ্নে গণভোট হিসেবে দেখা হচ্ছে।
এরদোগান আগামী আগস্টের অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে পরবর্তী মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন। সে কারণে বিশেষ করে ইস্তাম্বুল ও রাজধানী আঙ্কারার স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল তার ভবিষ্যতের ওপর প্রভাব ফেলবে।
গত ১০ মাস ধরে এরদোগান কঠিন সময় পার করছেন। গত জুনে ইস্তাম্বুলের গাজী পার্কে বিক্ষোভকারীদের ওপর পুলিশের কঠোর অভিযানের পর থেকে শহুরে ধর্মনিরপেক্ষ শ্রেণী তার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছে বলে প্রতীয়মান হচ্ছে।
[b]ঢাকা, ৩০ মার্চ (টাইমনিউজবিডিডটকম) // টিআই[/b]