আফগানিস্তানের রাজধানী কাবুলে রাস্তার পাশে পেতে রাখা বোমার বিস্ফোরণে অন্তত ৪ আফগান সেনা নিহত ও ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৬ জন বেসামরিক নাগরিকও রয়েছেন। মঙ্গলবার সকালে কাবুলের পশ্চিমাঞ্চলে এ হামলা চালানো হয়। হামলা দায় স্বীকার করেছে তালেবান। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে বরাত দিয়ে এ খবর জানিয়েছে ডন।

জানা গেছে, রাস্তার পাশে বোমা পেতে রাখা হয়েছিল। আফগান সেনাদের বহনকারী গাড়ি বোমার উপর দিয়ে যাওয়ার সময় দূর নিয়ন্ত্রিত রিমোট কন্ট্রোলের মাধ্যমে বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

উল্লেখ্য, আফগান সেনাবাহিনী ও পুলিশের কাছে নিরাপত্তার দায়িত্ব হস্তান্তরের পর থেকে তাদের উপর হামলা বাড়িয়ে দিয়েছে তালেবানরা। মার্কিন সেনাবাহিনী চলতি মাসে এক হিসেবে জানিয়েছে, এই বছর এখনো পর্যন্ত ৭ হাজার থেকে ৯ হাজার আফগান সেনা ও পুলিশ হতাহত হয়েছে। গত দুই বছরের মধ্যে এই সংখ্যা বেশি।

চলতি বছরের ডিসেম্বর নাগাদ ন্যাটো বাহিনী আফগানিস্তান ত্যাগ করবে। তবে, ৯,৮০০ মার্কিন সেনার একটি দল দেশটিতে থেকে যাবে। এই সেনা থেকে যাওয়ার ব্যাপারে গত মাসে আফগানিস্তানের সঙ্গে আমেরিকার একটি চুক্তি হয়েছে। সূত্র: ডন

এসএমএ