মিশরের রাজধানী কায়রোয় ইসরাইল এবং ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যে দীর্ঘমেয়াদি শান্তি প্রতিষ্ঠার বিষয়ে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে মঙ্গলবার। হামাসের একজন কর্মকর্তা এ খবর নিশ্চিত করেছেন।
সংগঠনের কর্মকর্তা ও আলোচক দলের অন্যতম প্রতিনিধি ইজ্জাত আর-রিশ্ক জানান, মঙ্গলবারের আলোচনা শেষ হয়েছে এবং অক্টোবরের শেষ সপ্তাহে আবার আলোচনা শুরুর বিষয়ে দু পক্ষ রাজি হয়েছে। তবে, হামাস বলছে, সমস্যা সমাধানের একমাত্র পথ হচ্ছে গাজার ওপর থেকে অবরোধ সম্পূর্ণভাবে তুলে নেয়া।
মিশরের মধ্যস্থতায় গত ২৬ আগস্ট ইহুদিবাদী ইসরাইল ও হামাসের মধ্যে গাজায় যুদ্ধবিরতির জন্য একটি চুক্তি হয়। ওই চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া ও খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে নতুন করে দু পক্ষ পরোক্ষ আলোচনা শুরু করল। ইসরাইল চূড়ান্তভাবে হামাসের সব দাবি মানে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। অন্যদিকে, হামাসের দাবি না মানলে এ আলোচনা সফল হবে না তাও সুস্পষ্ট। সূত্র: আইআরআইবি
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





