জার্মান রাষ্ট্রদূতকে সোমবার রাজধানী আঙ্কারায় তলব করেছে তুরস্ক।
জার্মানির সাপ্তাহিত দের স্পাইজেল পত্রিকায় প্রকাশিত রিপোর্টের জের ধরে তাকে তলব করা হয়েছে।
সাপ্তাহিক পত্রিকাটির রিপোর্টে বলা হয়, জার্মানির গোয়েন্দা সংস্থা ফেডারেল ইন্টিলিজেন্স সার্ভিস (বিএনডি) ২০০৯ সাল থেকে অগ্রাধিকার ভিত্তিতে তুরস্কের উপর নজরদারি চালিয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি এরদোগান ইসকান জার্মান রাষ্ট্রদূত ইবারহার্ড পলের সাথে সাক্ষাৎ করে রিপোর্টের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এ বিষয়ে কর্মকর্তারা বিস্তারিত কিছু গণমাধ্যমে প্রকাশ করেননি।
ইউরোপীয় ইউনিয়নে জার্মানি তুরস্কের সর্ববৃহৎ ব্যবসায়ীক অংশীদার। এছাড়া, ৩০ লাখ তুর্কি বসবাস করেন জার্মানিতে।
জার্মানির হামবুর্গ থেকে প্রকাশিত দের স্পাইজেল সাপ্তাহিক পত্রিকাটি ইউরোপিয় ইউনিয়নের সর্বাধিক প্রচারিত পত্রিকাগুলোর মধ্যে একটি। পত্রিকাটির প্রচারসংখ্যা ১০ লাখের বেশি।
১৯৪৭ সালে পত্রিকাটি চালু করেন বৃটিশ আর্মি অফিসার জন চেলিনর এবং অবিভক্ত জার্মান আর্মিদের রেডিও স্টেশনের সাবেক অপারেটর রুডলফ অগস্টিন। জার্মান ভাষায় প্রকাশিত পত্রিকাটি অনুসন্ধানী প্রতিবেদন এবং রাজনৈতিক কেলেঙ্কারি সংক্রান্ত প্রতিবেদন প্রকাশের কারণে বেশ পরিচিত। সূত্র: রয়ার্টাস।
ঢাকা, ১৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই





