ইরান মানব পাচারের সঙ্গে জড়িত বলে আমেরিকা সম্প্রতি যে দাবি করেছে, তাকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ‘ভুয়া তথ্য এবং ভিত্তিহীন দাবি’কে পুঁজি করে মানব পাচার সংক্রান্ত প্রতিবেদন তৈরি করেছে আমেরিকা।

গত শনিবার মার্কিন সরকার এক প্রতিবেদনে মানব পাচার রোধে ব্যবস্থা নিতে ব্যর্থ দেশগুলোর তালিকায় ইরান ও ভেনিজুয়েলাকে অন্তর্ভুক্ত করে। হোয়াইট হাউজ দাবি করে, ইরান ও ভেনিজুয়েলার পাশাপাশি কঙ্গো, গিনি, দক্ষিণ সুদান ও সুদান মানব পাচারের সঙ্গে জড়িত রয়েছে।

এ সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কাসেমি আরো বলেন, বিশ্বব্যাপী মানবপাচারকারী চক্রগুলোর সঙ্গে ওয়াশিংটনের ঘনিষ্ঠ সম্পর্কে বিষয়টি আড়াল করার লক্ষ্যে ইরানসহ আরো কিছু দেশের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। আমেরিকা বিশ্বের সবগুলো মানবপাচারকারী চক্রের রিংলিডার বলেও তিনি উল্লেখ করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মিথ্যা ও অসত্য তথ্যের ওপর ভিত্তি করে ইরানসহ আরো কিছু স্বাধীনচেতা দেশের বিরুদ্ধে আমেরিকা যে প্রতিবেদন তৈরি করেছে তেহরান তা প্রত্যাখ্যান করছে।

মানব পাচার রোধে বিশেষ করে নারী ও শিশু পাচার রোধে তেহরান অতীতেও প্রতিশ্রুতিবদ্ধ ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

এএস