ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের সাম্প্রতিক পরমাণু সমঝোতার বিরোধিতার ক্ষেত্রে কয়েকটি আরব দেশ ইসরাইলের সঙ্গে রয়েছে। এমন দাবি করেছেন ইহুদিবাদী ইসরাইলের একজন পদস্থ কর্মকর্তা।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক ডোরে গোল্ড বুধবার আমেরিকার নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে একথা জানিয়েছেন।

তিনি তার বক্তব্যে অন্তত দুইবার ওইসব আরব দেশকে ‘ইসরাইলের মিত্র’ হিসেবে উল্লেখ করেন।

নিউ ইয়র্কে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে আলোচনার জন্য ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। মার্কিন কংগ্রেসে এ সমঝোতা অনুমোদিত হলে ইসরাইলের কি করা উচিত হবে সে সম্পর্কেও কথা বলেন গোল্ড।

তিনি দাবি করেন, সেক্ষেত্রে ইরানের পরমাণু সমঝোতার ফলে তার ভাষায় যে হুমকি তৈরি হয়েছে তার মোকাবিলার জন্য ওয়াশিংটন ও তেল আবিবকে যৌথভাবে উপায় খুঁজে বের করতে হবে।

গত ১৪ জুলাই ভিয়েনায় স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা অনুযায়ী তেহরান তার পরমাণু কর্মসূচিতে সুনির্দিষ্ট কিছু সীমাবদ্ধতা আরোপ করবে। অন্যদিকে পাশ্চাত্য ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেবে।

পরবর্তীতে ২০ জুলাই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতিক্রমে এ সমঝোতাকে অনুমোদন করে একে আন্তর্জাতিক আইনে পরিণত করেছে।

তবে মার্কিন সরকারের পক্ষ থেকে এটি কার্যকর করতে হলে দেশটির কংগ্রেসে এই সমঝোতা অনুমোদিত হতে হবে। রিপাবলিকান অধ্যুষিত কংগ্রেস এটিকে অনুমোদন না করার হুমকি দিয়েছে।

অন্যদিকে কংগ্রেসে পরমাণু সমঝোতা অনুমোদিত না হলে তাতে ভেটো দেয়ার হুমকি দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সূত্র: রেডিও তেহরান

এসএইচ