ইরাক ও সিরিয়ার অংশবিশেষ নিয়ে গঠিত অঞ্চল ‘খিলাফতে’র স্বঘোষিত নেতা আবু বকর আল বাগদাদিকে গ্রেপ্তারের জন্য তথ্য দিয়ে সহায়তা করার জন্য এক কোটি মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২০১১ সালের অক্টোবর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে জিহাদি গ্রুপ ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্তের (আইএসআইএল) নেতা আল বাগদাদির অবস্থান, তাঁকে গ্রেপ্তারে বিশ্বাসযোগ্য তথ্য দিয়ে সহায়তা করার জন্য এক কোটি ডলার পুরস্কার ঘোষণা করা আছে।

গত জুন মাসের শুরুর দিকে আল বাগদাদির নেতৃত্বে জঙ্গিগোষ্ঠী আইএসআইএলের সদস্যরা ইরাকের উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চল দখল করে নেয়।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র মতে, আল বাগদাদি আবু দুআ নামে পরিচিত। ২০১১ সাল থেকে ইরাকে ধারাবাহিক হামলার দায় তিনি স্বীকার করেছেন। একই সঙ্গে ২০১৩ সালের জুনে ইরাকের আবু গারিব কারাগারে হামলা, মার্চে বিচার বিভাগীয় মন্ত্রণালয়ে আত্মঘাতী বোমা হামলার দায় তিনি স্বীকার করেছেন। এ ছাড়া ইরানের নিরাপত্তা বাহিনী ও সাধারণ লোকজনও তাঁর হামলার শিকার হয়েছেন।

কঠোর ইসলামি অনুশাসন চালুর মাধ্যমে একটি খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করাই জিহাদি সংগঠনের দীর্ঘদিনের লক্ষ্য। সম্প্রতি ইরাকের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর দখলের পর জঙ্গিরা এরই মধ্যে এ ধরনের কড়া অনুশাসন চালু করেছে।

সর্বশেষ তারা ইন্টারনেটে প্রকাশিত একটি অডিওবার্তার মাধ্যমে খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয়। পাশাপাশি এখন থেকে আইএসআইএলের নাম পরিবর্তনেরও ঘোষণা দেওয়া হয়েছে। জঙ্গি সংগঠনটি বলেছে, এখন থেকে তারা কেবল ‘ইসলামি রাষ্ট্র’হিসেবে পরিচিতি পাবে।

ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ