চাদের রাজধানী জ্যামেনায় জোড়া আত্মঘাতি বোমা হামলায় ২৩ জন নিহত ও একশরও বেশি লোক আহত হয়েছে। সরকার এ হামলার জন্যে জঙ্গি সংগঠন বোকো হারামকে দায়ী করেছে।
চাদে এ ধরনের হামলা এ প্রথম চালানো হয়েছে। নাইজেরিয়ার জঙ্গি গ্রুপ বোকো হারামের বিরুদ্ধে আঞ্চলিক লড়াইয়ের সামনের সারিতে চাদের অবস্থান হওয়ায় দেশটিতে এ হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে।
সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, বোকো হারাম ভুল জায়গাকে টার্গেট করেছে। এসব বেআইনী ও অবিশ্বস্ত সন্ত্রাসীরা যেখানেই থাকুক তাদের নির্মূল করা হবে।
বিবৃতিতে আরো বলা হয়, রাজধানীর পুলিশ সদরদপ্তর ও পুলিশ একাডেমির সামনে যুগপৎ দুটি বোমা হামলায় ২৩ জন নিহত ও আরো ১০১ জন আহত হয়েছে।
বিস্তারিত না জানিয়ে এতে চার জঙ্গির প্রাণ হারানোর কথাও উল্লেখ করা হয়।
এর আগে একজন পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, দুজন আত্মঘাতি হামলাকারী এসব হামলা চালায়। একাডেমীতে পুলিশ সদস্যরা প্রশিক্ষণ কোর্সে অংশ নেয়ার প্রাক্কালে এ হামলা চালানো হয়।
হামলার কারণে আফ্রিকান ইউনিয়ন শীর্ষ সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গে থাকা চাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবি দেশে ফিরছেন। তার অবর্তমানে সরকারের মন্ত্রীরা হামলার বিষয়ে আলোচনার জন্যে জরুরি বৈঠকে বসেছেন।
বোকো হারাম আন্তঃসীমান্ত হামলা জোরদার করলে তাদের ঠেকাতে নাইজেরিয়া, ক্যামেরুন, নাইজার ও চাদ এ চারদেশের সমন্বয়ে একটি আঞ্চলিক জোট গঠিত হয়।
এর পর পরই বোকো হারাম নেতা আবু বাকার শেকু বিভিন্ন সময়ে চাদসহ জোটভুক্ত অন্য দেশগুলোতে হামলা চালানোর হুমকি দেয়।
এদিকে জাতিসংঘ মহাসচিব বান কি মুন চাদে সোমবারে চালানো এ হামলার নিন্দা জানিয়েছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে কঠোর ভাষায় এ হামলার নিন্দা জানায়।
এমকে





