সিরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলে পৃথক দু'টি গাড়িবোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় ৩৩ শিশুসহ অন্তত ৮০ জন আহত হয়েছেন।
কুর্দি প্রধান হাসাকা শহরে নববর্ষ উদযাপনের সময় এ সব হামলা চালানো হয় বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে।
সিরিয়ার চার বছরের গৃহযুদ্ধ পর্যবেক্ষণ করা ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, সিরিয়া ও ইরাকে লড়াইরত কট্টরপন্থী জিহাদী সংগঠন ইসলামিক স্টেট এ সব হামলা চালিয়েছে।
নওরোজ নামে ওই নববর্ষ উদযাপন উৎসব কুর্দি সংস্কৃতিতে খুব গুরুত্বপূর্ণ। এদিন মানুষ একত্রিত হয়ে বিভিন্ন ধরনের খেলা, নাচ ও খাওয়া-দাওয়ার আয়োজন করে।
সিরিয়ায় চার বছর ধরে চলা গৃহযুদ্ধে দুই লাখেরও বেশী মানুষ নিহত হয়েছেন। দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদের অপসারণের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে এই গৃহযুদ্ধ শুরু হয়।
এআর





