তালেবান বন্দুকধারীরা শনিবার কাবুলে সুপ্রিম কোর্টের এক সিনিয়র কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে। অপর এক তালেবান হামলায় ন্যাটোর দুই সেনা নিহত হয়েছে। খবর রয়টার্সের।

মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনী আফগানিস্তানে তাদের দীর্ঘ ১৩ বছরের অভিযান শেষ করার প্রস্তুতি নেয়ার সময় আফগান রাজধানীতে সর্বশেষ এ হামলা চালানো হলো। পুলিশ একথা জানায়।

আদালত সচিবালয়ের প্রধান আতিকুল্লাহ রউফি তার বাসা থেকে অফিসে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে মারা যান।

তালেবান যোদ্ধারা ন্যাটো সৈন্য, বিদেশি কম্পাউন্ড ও সামরিক গাড়ি বহরের পাশাপাশি আফগান কর্মকর্তাদের লক্ষ্যকরে প্রায়ই হামলা চালায়।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে আফগানিস্তানে হামলার ঘটনা বৃদ্ধি পাওয়ায় ন্যাটো বাহিনী চলে যাওয়ার পর দেশটির স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ অনেক বেড়ে গেছে। উল্লেখ্য, ন্যাটো বাহিনী আগামী ৩১ ডিসেম্বর সেখানে তাদের যুদ্ধ মিশন শেষ করার প্রস্তুতি নিচ্ছে।

কাবুল পুলিশের মুখপাত্র হাশমত স্তানিকজাই এএফপিকে বলেন, ‘সকাল ৯টার দিকে অফিসে যাওয়ার সময় আতিকুল্লাহ রউফিকে অজ্ঞাত বন্দুকধারীরা গুলি করে হত্যা করে।’

তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সংবাদ মাধ্যমের কাছে পাঠানো এক বার্তায় এ হত্যার দায়িত্ব স্বীকার করেছে।

এদিকে, শুক্রবার দিবাগত রাতে রাজধানী কাবুলের উত্তরে বাগরাম সেনাঘাঁটিতে অপর এক হামলায় দুই ন্যাটো সেনা নিহত হয়েছে। এ ছাড়া, গত বৃহস্পতিবার কাবুলে ফরাসি সাংস্কৃতিক কেন্দ্রে এক আত্মঘাতী হামলায় জার্মানির এক নাগরিক নিহত ও অপর ১৫ জন আহত হয়।

এমএ