ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের অভিসংশনের দাবিতে দেশজুড়ে লাখো মানুষে বিক্ষোভ করেছে।

সরকারবিরোধী বিক্ষোভকারীরা দেশটির অর্থনৈতিক মন্দা ও রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল কোম্পানিতে দুর্নীতির অভিযোগ এনে তার বিরুদ্ধে অভিসংশনের এই দাবি জানিয়েছেন।

দেশটির অন্যতম প্রধান শহর সাও পাওলোর রাজপথ থেকে কোপাকাবানা সমুদ্রসৈকত ও আরো বেশ কয়েকটি শহরে বিক্ষোভ করেছে সরকারবিরোধী আন্দোলনকারীরা।

বিবিসি বলছে, রাজধানী ব্রাসিলিয়ায় কংগ্রেসের বাইরেও বিক্ষোভ করেছেন আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীদের অনেকে ব্রাজিলের জাতীয় ফুটবলদলের জার্সি পরে ‘দিলমা আউট’ লেখা ব্যানার নিয়ে ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে স্লোগান দেন।

আন্দোলনকারীরা অভিযোগ করেছেন, রাষ্ট্রনিয়ন্ত্রিত তেল ও জ্বালানি কোম্পানি পেট্রব্রাসে ঘুষ ও দুর্নীতির যে অভিযোগ উত্থাপিত হয়েছে তাতে রৌসেফ জড়িত না হলেও তার অজ্ঞাতসারে কিছু ঘটেনি।

এ ব্যাপারে তাদের যুক্তি, যে সময়ে এসব কর্মকাণ্ড ঘটেছে সেই সময়ে প্রেসিডেন্টের পদাধিকার বলে রৌসেফ ওই কোম্পানির প্রধান ছিলেন।

পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধেও তিনি কঠোর পদক্ষেপ নিতে পারেননি। এছাড়া দুর্নীতির বিরুদ্ধে কোন শক্ত পদক্ষেপ নিতেও ব্যর্থ হয়েছেন মিজ রুসেফ।

আইনজীবিরা বলছেন, রাষ্ট্রীয় এই কোম্পানিতে কাজ বাগিয়ে নেওয়ার জন্য ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির নেতাদের ঘুষ দিত বিভিন্ন প্রতিষ্ঠান।

পুলিশের ভাষ্যমতে প্রায় দেড়লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন।

ব্রাজিলে সাম্প্রতিক মাসগুলোতে দিলমা রৌসেফের জনপ্রিয়তায় ব্যাপক ধস নেমেছে।

চলতি বছরের মার্চেও একই দাবিতে দেশটিতে বড় ধরনের বিক্ষোভ হয়েছিল।

অনেক ভোটারের মতে, ২৫ বছরের মধ্যে বর্তমানে রৌসেফের অধীনেই দেশটির অর্থনীতি সবচে নাজুক অবস্থায় রয়েছে।

জেআই