অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের ভয়াবহ আগ্রাসনের মুখে ফিলিস্তিনি জনগণের প্রতি আবারো পূর্ণ সমর্থন ঘোষণা করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।

শুক্রবার আন্তর্জাতিক আল-কুদস দিবস উপলক্ষে দেয়া ভাষণে এ ঘোষণা দেন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, অবরুদ্ধ গাজার বিরুদ্ধে ইসরাইলি গণহত্যার অর্থ হচ্ছে এই যে, হামাসের পাশাপাশি সব ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে নির্মূল করতে চায় তেল আবিব।

তিনি বলেন, আমরা দলমত নির্বিশেষে ফিলিস্তিনের প্রতিটি জনগণ ও প্রতিরোধ যোদ্ধার পাশে দাঁড়িয়েছি। ফিলিস্তিনিদের প্রতি সম্ভাব্য সব রকম সমর্থন দিতে পারে হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে বলেও ঘোষণা দিয়েছেন সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, হিজবুল্লাহ নিজেকে ফিলিস্তিনি প্রতিরোধ যুদ্ধের যথার্থ অংশীদার বলে মনে করে। ফিলিস্তিনিদের বিজয় মানেই হিজবুল্লাহ’র বিজয়।

ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্র তেল আবিবে আঘাত হানতে পারে উল্লেখ করে হিজবুল্লাহ নেতা বলেন, ২০০৬ সালে লেবাননের বিরুদ্ধে আগ্রাসন চালাতে গিয়ে যেমন ইসরাইল পরাজিত হয়েছিল গাজার ওপর চলতি আগ্রাসনে ইহুদিবাদীরা সেরকমই পরাজিত হবে। তিনি বলেন, গাজায় ইসরাইল ব্যর্থতার বৃত্ত পূর্ণ করার পথে রয়েছে। তিনি তেল আবিবের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, নিজেদের পরাজয়ের, আত্মহত্যার বা পুরোপুরি ধ্বংসের বৃত্ত পুরো করবেন না।

গাজায় অবরোধ বন্ধে ইহুদিবাদী ইসরাইলের ওপর চাপ সৃষ্টি করার জন্য আরব এবং মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে, চলতি সপ্তাহের গোড়ার দিকে হামাস প্রধান খালেদ মাশআলের সঙ্গে এক টেলিফোন আলাপে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার অসহায় জনগণের পাশে থাকার ঘোষণা দেন সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেন, “আমাদের হৃদয়, ইচ্ছাশক্তি, আশা এবং গন্তব্যের মাঝেই রয়েছে ফিলিস্তিনি জনগণের উত্থান ও প্রতিরোধ।” সূত্র: আইআরআইবি।

ঢাকা, ২৬ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই