ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তে গোলাগুলিতে এ পর্যন্ত সেনাসহ উভয়পক্ষের চারজন নিহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাকিস্তানি রেঞ্জার্সের গুলিতে দুই বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) জোয়ান ও এক নারী নিহত হয়েছেন। এছাড়া অন্তত ১৩ জন আহত হয়েছেন। অন্যদিকে, পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিএসএফের গুলিতে দেশটির ১৩ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

ভারতের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পাকিস্তানি সেনারা গত রাত থেকে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকার ভারতীয় সীমান্ত চৌকি ও গ্রামের বেসামরিক লোককে টার্গেট করে হামলা চালিয়েছে। অথচ দেশটি বন্ধুত্বের হাত বাড়ানোর প্রস্তাব দিচ্ছে।

ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তান বন্ধুত্বের প্রস্তাব দেওয়া সত্ত্বেও প্রতিনিয়ত ভারতীয় সীমান্ত টার্গেট করছে। পুলিশ কর্মকর্তারা অভিযোগ করেছেন, পাকিস্তানি সেনারা গত রাতে কানহাইয়াহ পোস্টে রকেট হামলা চালিয়ে শান্তি চুক্তি লঙ্ঘন করেছে।

তারা আরও অভিযোগ করেন, পাকিস্তানি সেনাদের ওই হামলার কারণে দুই জোয়ান নিহত ও দুইজন আহত হয়েছেন। এছাড়া পাক সেনারা জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমান্তের গ্রামগুলোকে টার্গেট করছে। কাথুয়া ও সাম্বা জেলার অন্তত ১৩টি সেনা চৌকিতে মর্টার হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এতে এক নারী নিহত ও অন্তত আটজন আহত হয়।

এছাড়া এসব সহিংসতার কারণে সীমান্তবর্তী গ্রামগুলো থেকে লোকজন পালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত সীমান্তের এক হাজার চারশ লোক তাদের বাড়ি-ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে বলে কর্মকর্তারা দাবি করেছেন।

অন্যদিকে, কাশ্মীরের শিয়ালকোটে নিয়ন্ত্রণরেখায় (লাইন অব কন্ট্রোল) ভারতীয় সেনার গুলিতে তের বছর বয়সী এক পাকিস্তানি কিশোরী নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। এছাড়া পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, ভারতীয় সেনার গুলিতে অপর একটি শিশু আহত হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া/এনডিটিভি/আলজাজিরা।

এএইচ