জম্মু ও কাশ্মীরের প্রাদেশিক পরিষদ অর্থ্যাৎ বিধানসভার নির্বাচনে চমক দেখিয়েছে নরেন্দ্র মোদীর দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অন্যদিকে, ঝাড়খন্ডের বিধানসভা নির্বাচনেও ব্যাপক চমক দেখিয়েছে বিজেপি। গত নির্বাচনের চেয়ে দ্বিগুণেরও বেশি আসন পেয়েছে দলটি। ব্যাপক ভরাডুবি হয়েছে কংগ্রেসের। খবর এনডিটিভির।

জম্মু ও কাশ্মীরের বিধানসভার মোট ৮৭টি আসনের মধ্যে ২৫টি পেয়েছে বিজেপি। তবে, সর্বোচ্চ ২৮টি আসন পেয়েছে পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি)। মঙ্গলবারের এ ফলাফলে কোন দলই সরকার গঠনের মতো একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে, বিভিন্ন দলের কোয়ালিশনের সরকার গঠন করতে হবে।

২৫টি আসন পাওয়া বিজেপি গত নির্বাচনে পেয়েছিল মাত্র ১১টি আসন। তবে, বিজেপি সবগুলো আসনই পেয়েছে জম্মু ও কাশ্মীরের জম্মু অংশে। উল্লেখ্য, জম্মু অঞ্চলটি হিন্দু সংখ্যাগরিষ্ঠ হওয়ায় বিজেপি সেখানে এত আসন পেয়েছে বলে বিশ্লেষকদের ধারণা। কারণ, বিজেপি হলো হিন্দু জাতীয়তাবাদী দল।

অন্যদিকে, পিডিপি গত নির্বাচনের চেয়ে এবার ৭টি আসন বেশি পেয়েছে। তবে, ভরাডুবি হয়েছে ক্ষমতাসীন ন্যাশনাল কনফারেন্সের। দলটি পেয়েছে মাত্র ১৫টি আসন; আসন কমেছে ১৩টি। কংগ্রেস পেয়েছে ১২টি, কমেছে ৫টি।

এদিকে, পিডিপির সঙ্গে জোট গড়তে প্রস্তুত কংগ্রেস। দলটির প্রাদেশিক নেতা গোলাম নবী আজাদ জানান, কংগ্রেস আগেও পিডিপির সঙ্গে জোটবদ্ধ ছিল। পিডিপির সঙ্গে জোট বাঁধতে রাজি ন্যাশনাল কনফারেন্সও; যদিও দল দুটি হচ্ছে একটি অপরটির প্রধান বিরোধী। তবে, ন্যাশনাল কনফারেন্সের প্রধান ও সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বিজেপির সঙ্গে জোট বাঁধতে অস্বীকৃতি জানিয়েছেন। তিনি বলেছেন, বিজেপির সঙ্গে জোট বাঁধার সম্ভাবনা এক শতাংশ।

এদিকে, ঝাড়খন্ডের বিধান সভার নির্বাচনে ৮১টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৪৩টি আসন; যা আগের নির্বাচনের চেয়ে ২০টি বেশি। নবগঠিত ঝাড়খন্ড মুক্তি মোর্চা পেয়েছে ১৮টি আসন। ঝাড়খন্ড বিকাশ মোর্চা পেয়েছে ৮টি। আর কংগ্রেস পেয়েছে মাত্র ৬টি আসন; দলটির আসন কমেছে ১৫টি।

এমএ