নাইজেরিয়ার সশস্ত্র গোষ্ঠী বোকো হারাম এবার নাইজেরিয়া ছাড়িয়ে প্রতিবেশী ক্যামেরুনে হামলা জোরদার করছে। তারা সর্বাধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করে নতুন নতুন গ্রাম লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ফলে সেনাবাহিনী আশংকা করছে আগামী শুষ্ক মৌসুমে সহিংসতার মাত্রা বেড়ে যেতে পারে।
সীমান্ত জোনের এলিট ব্যাটলিয়ানের কমান্ডার লিওপল্ড নাতে এবালে বলেন, আমরা বুঝতে পারছি বোকো হারাম তাদের ‘খিলাফত’প্রতিষ্ঠা কেবল নাইজেরিয়ায় নয় প্রতিবেশী ক্যামেরুনেও করতে চাচ্ছে।
বোকো হারামের নেতা আবু বাকার শেকু সিরিয়া ও ইরাকের ইসলামিক স্টেটের উল্লেখ করে বলেন, তিনিও তাদের মতো ‘নাইজেরিয়ান খিলাফত’প্রতিষ্ঠা করতে চান।
সম্প্রতি বোকো হারাম নাইজেরিয়ার বোর্নো রাজ্য থেকে ক্যামেরুনের সীমান্ত ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এ ছাড়া তারা দেশটির দক্ষিণাঞ্চলেও তাদের হামলার বিস্তার ঘটিয়েছে।
এদিকে ক্যামেরুনের উত্তরাঞ্চলের আঞ্চলিক সেনা প্রধান কর্নেল জ্যাকব কদজি বলেন, শুষ্ক মৌসুমে বোকো হারামের ক্ষতি করার সক্ষমতা বেড়ে যাবে। তারা তখন যেকোন সময়ে যেকোন মূল্যে সীমান্ত পাড়ি দিতে সক্ষম হবে।
বোকো হারামের জোরদার হামলার আশংকার কারণে ক্যামেরুনের সামরিক বাহিনীকে সতর্কাবস্থায় রাখা হয়েছে। উত্তরাঞ্চলে দেশটি প্রায় দু'হাজার সৈন্য মোতায়েন করেছে।
এমএ





