রাশিয়ার মস্কোতে ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২০ জন। মঙ্গলবার মস্কোর স্থানীয় সময় সকালে পাতাল রেললাইনের দুটি স্টেশনের মাঝে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দেশটির ইমার্জেন্সি মন্ত্রণালয় দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছে।
হতাহত ও রক্তাক্ত যাত্রীদেরকে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর আহত যাত্রীদেরকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেয়া হয়। হতাহত থেকে বেঁচে যাওয়া যাত্রীদেরকে যখন পাতাল স্টেশন থেকে ভূপৃষ্ঠে নিয়ে আসা হয় তখন তাদের অনেকেই ভয়ে-আতঙ্কে কাঁদছিলেন।
দুপুর পর্যন্ত সব যাত্রীকে পাতালের স্টেশন থেকে উপরে নিয়ে আসা হয়। তবে, বেশ কয়েকজন যাত্রী নিচে আটকার পড়েন বলে জানা যায়। তবে, তাদেরকেও পরে উদ্ধার করা হয়।
মস্কোর পাতাল রেল হচ্ছে বিশ্বের অন্যতম ব্যস্ততম রেল যোগাযোগ ব্যবস্থা। প্রতি সপ্তাহে গড়ে অন্তত ৯০ লাখ মানুষ এ পাতাল রেলে যাতায়াত করেন। নিরাপত্তার জন্যে মস্কোর পাতাল রেলের সুখ্যাতি রয়েছে।
১৯৩৫ সালে মস্কোর এই পাতালরেলের যাত্রা শুরু। তখনকার পাতাল রেলস্টেশনগুলোর ছাদ প্রচণ্ড উঁচু উঁচু পিলারবিশিষ্ট। যাত্রা শুরুর সময় নির্মিত ১৩টি স্টেশনে সোভিয়েত আমলের বিভিন্ন চিত্রকর্ম স্থান পেয়েছে। তবে, বর্তমানে মস্কোতে পাতাল রেলস্টেশনের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৪-এ। সূত্র: রয়টার্স
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) এমএ