ভারতের উত্তরপ্রদেশের ললিতপুর জেলায় এক কৃষককে মারধর ও মুত্রপান করানোর অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে ওই পুলিশ কর্মকর্তাকে পুলিশ লাইনে ফেরত পাঠানো হয়েছে।

অভিযোগকারী কৃষক কাঁসিরাম হুমকি দিয়েছেন, প্রাপ্য সম্মান ফিরে না পেলে ও পুলিশ কর্মকর্তার যথাযথ শাস্তি না হলে তিনি আত্মহত্যা করবেন।

জানা গেছে, ললিতপুর জেলার মেহরনি থানার ভৌরান্দা গ্রামে কয়েক বিঘা জমি রয়েছে কাঁসিরাম নামের ওই কৃষকের। সেই জমিতে চাষাবাদ নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ বাঁধে কাঁসিরামের। গ্রামবাসীদের থেকে হুমকির সম্মুখীন হতে হয় তাকে। এ নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।

গত শনিবার কাঁসিরামকে মেহরনি থানা থেকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান এস ও বিজয় সিং। তিনি কাঁসিরামকে ওই জমিতে চাষ না করার আদেশ দেন। সেই নির্দেশ অমান্য করায় তাকে নির্দয়ভাবে পেটানো হয় বলে অভিযোগ। শুধু তাই নয় পুলিশ স্টেশনে ভেতরে জোর করে তাকে প্রস্রাব পান করানো হয় বলে কৃষক কাঁসিরামের লিখিত অভিযোগে বলা হয়।

ললিতপুরের এস পি বিজয় যাদব বলেন, গোটা ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। এই ধরনের ঘটনা ঘটলে তা কিছুতেই বরদাশত করা হবে না। দোষী সাব্যস্ত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। সূত্র: রেডিও তেহরান।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, টিআই