পাকিস্তানে আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি) এবং সরকারের মধ্যকার শান্তি আলোচনা। এ বৈঠক থেকে আলোচনার রোডম্যাপ ঠিক করা হবে।
বৈঠকে সরকার ঘোষিত চার সদস্যের আলোচক কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রীর জাতীয় উপদেষ্টা ইরফান সিদ্দিকি, প্রখ্যাত সাংবাদিক রহীমউল্লাহ ইউসুফজাই, আফগানিস্তান বিষয়ক বিশেষজ্ঞ ও সাবেক কূটনীতিক রুস্তম শাহ মোহমান্দ এবং সাবেক আইএসআই কর্মকর্তা মেজর (অব.) আমির শাহ। এ কমিটিকে সহযোগিতা করবেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান।
এর আগে আজ মঙ্গলবারের বৈঠকের প্রস্তুতি হিসেবে গতকাল সোমবার তালেবান মনোনীত কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে পাঁচ সদস্যের মধ্যে যোগ দেন তিন সদস্য।
তবে,বৈঠকে যোগ দেননি পাকিস্তান তেহরিকে ইনসাফ পার্টি (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান এবং জমিয়তে উলামায়ে ইসলাম (জেইইআই) মাওলানা কেফায়েতুল্লাহ।
ইমারন খান এবং মাওলানা কেফায়েতুল্লাহ বৈঠকে যোগ না দেওয়ায় আক্ষেপ প্রকাশ করেছে তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি)। সংগঠনটির মুখপাত্র শহীদুল্লাহ শহীদ বলেন,"প্রস্তাবিত শান্তি আলোচনায় পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) এবং জমিয়তে উলামায়ে ইসলাম (জেইইআই) তাদের প্রতিনিধিদের দূরে রাখায় আমরা আপেক্ষ প্রাকাশ করছি।"
এদিকে,ইমরান খান নিজ দলের কোর কমিটির সঙ্গে বৈঠক শেষে বলেছেন, তালেবানরা শান্তি আলোচনার জন্য যে প্রস্তাব দিয়েছে তা প্রশংসারযোগ্য কিন্তু তিনি তালেবানদের প্রতিনিধি হিসেবে কাজ করতে প্রস্তুত নন। দলের মুখপাত্র শিরিন মাজারি বলেন, সরকার ঘোষিত কমিটিতে যেহেতু দলের পক্ষ থেকে রুস্তম শাহ মুহাম্মাদ রয়েছেন সে কারণে ইমরান খানের আর আলোচনা কমিটিতে থাকার দরকার নেই।
ঢাকা, ৪ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) // টিআই