গাজায় ইজরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনি নাগরিকদের সংখ্যা সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে ৬৫৮ জনে উন্নীত হয়েছে। নিহতদের মধ্যে ১৬১ জন শিশু ও ৬০ জন নারী রয়েছেন। এছাড়া, আহত হয়েছেন ৪,০০০-এর বেশি ফিলিস্তিনি।
জাতিসংঘের হিসেব অনুসারে ইজরায়েলি হামলায় ১১৮,৩০০ ফিলিস্তিনি তাদের ঘর-বাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। খবর, আল-জাজিরা'র।
গত ৮ জুলাই থেকে ফিলিস্তিনের গাজায় হামলা শুরু করে ইজরায়েল। দেশটির নির্বিচার হামলায় নিহত ফিলিস্তিনিদের মধ্যে অধিকাংশই বেসামরিক নারী, শিশু ও বৃদ্ধ।
গাজায় সংঘাত বন্ধে মিশরীয় যুদ্ধ বিরতির প্রস্তাব মেনে নিতে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তবে হামাস এর আগে গাজায় ইজরায়েলি হামলা বন্ধের দাবি জানিয়েছে।
এদিকে গাজা থেকে ছোঁড়া বেশ কিছু রকেট ইজরায়েলের রাজধানী তেল অাবিবের বিমানবন্দরের নিকটে বিস্ফোরিত হওয়ার প্রেক্ষিতে বেশ কিছু আন্তর্জাতিক বিমান সংস্থা দেশটিতে ফ্লাইট পরিচালনা বন্ধের ঘোষণা দিয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনও ২৪ ঘণ্টার জন্য ইজরায়েলে বিমান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে। অন্যান্য ইউরোপীয় বিমান সংস্থার মধ্যে জার্মানির লুফথানসা, ইতালিয়ান আলিতালিয়া এবং এয়ার ফ্রান্সও ইজরায়েলে তাদের ফ্লাইট কার্যক্রম বন্ধ করেছে।
ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস, টিআই





