ইরাক সীমান্তে সিরিয়ার বিমান হামলাকে স্বাগত জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী নূরি আল মালিকি। ইরাকের সুন্নী বিদ্রোহীদের ওপর সিরিয়া সরকারের চালানো এ অভিযানকে তিনি সমর্থন করেন বলে জানান। খবর বিবিসি'র।
এদিকে ইরাকের সেনাবাহিনী ও বিদ্রোহী সূত্রে জানা গেছে, সিরিয়ার সরকারি বাহিনী সীমান্ত পেরিয়ে ইরাকের কিয়ামেও বিমান হামলা চালিয়েছে। তবে মালিকির দাবি তা সিরীয় ভূ-খণ্ডেই অনুষ্ঠিত হয়েছে।
মালিকি আরও বলেন, যদি যুক্তরাষ্ট্র দ্রুত তাদের জেট বিমান পাঠায় তাহলে বিদ্রোহীদের থামানো সম্ভব হবে।
চলতি মাসে সুন্নিভিত্তিক বিদ্রোহী সংগঠন আইএসআইএল (ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড দ্য লেভান্ত) ইরাকের বেশ কয়েকটি অঞ্চল দখল করে নিয়েছে।
বিবিসির আরবি সার্ভিসকে দেওয়া এক সাক্ষাৎকারে মালিকি বলেন, ‘ইরাক যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩৬ জেট যুদ্ধবিমান কিনেছে। কিন্তু প্রক্রিয়াটি বেশ ধীর ও দীর্ঘমেয়াদী।’
তিনি আরও বলেন, ‘আমি খোলাখুলি বলতে চাই, আমরা এ চুক্তি করার সময় প্রতারিত হয়েছি।’
নিজেদের বাহিনীর জন্য ব্রিটেন, ফ্রান্স বা রাশিয়া থেকে যুদ্ধবিমান কেনার কথা জানিয়েছেন মালিকি।
রাশিয়া থেকে কেনা তিনটি সেকেন্ড হ্যান্ড যুদ্ধবিমান তিনদিনের মধ্যে ইরাকে পৌঁছাবে বলেও জানান তিনি। সূত্র: বিবিসি
ঢাকা, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম) //এমএ





