ভারতের আলোচিত সাহারা গোষ্ঠীর প্রধান সুব্রত রায় শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন পেয়েছেন। এ জন্য তাঁকে ১০ হাজার কোটি রুপি দিতে হবে।
বুধবার দেশটির সুপ্রিম কোর্ট তাঁর জামিন মঞ্জুর করেন।
এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, সুব্রতকে এই অর্থ পুঁজিবাজারে লগ্নিকারীদের স্বার্থ দেখতে গঠিত সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়াকে (সেবি) দিতে হবে। এর মধ্যে পাঁচ হাজার কোটি রুপি নগদ এবং বাকি অর্থ ব্যাংকের নিশ্চয়তায় দিতে হবে।
সাহারা গোষ্ঠীর একাধিক কোম্পানির বিরুদ্ধে বেআইনিভাবে বাজার থেকে অর্থ সংগ্রহের অভিযোগে সেবি মামলা করে। নানা টালবাহানায় সাহারা গোষ্ঠী সেই মামলা বিলম্বিত করে চলছিল। এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট তাঁর বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেন এবং তাঁকে ব্যক্তিগতভাবে গত ২৬ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে সুব্রত রায় হাজিরা থেকে অব্যাহতি চান। সুপ্রিম কোর্ট তা অগ্রাহ্য করলেও ২৬ ফেব্রুয়ারি আদালতে গরহাজির থাকেন সুব্রত রায়। এ কারণে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
গত ২৮ ফেব্রুয়ারি উত্তর প্রদেশ পুলিশ তাঁকে লক্ষৌ থেকে গ্রেপ্তার করে। ৪ মার্চ তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর পর থেকে তিহার কারাগারে ছিলেন তিনি।
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]