পাকিস্তানের অর্থমন্ত্রী ইসহাক দারের বিরুদ্ধে গত মঙ্গলবার জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দেশটির একটি আদালত।

তাঁর বিরুদ্ধে দায়ের করা একটি দুর্নীতি মামলায় আদালতের চলমান কার্যক্রমে দীর্ঘ অনুপস্থিত থাকায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

আদালত সূত্র জানায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ উপার্জনের অভিযোগে পাকিস্তানের দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর (এনএবি) দায়ের করা ওই মামলায় অর্থমন্ত্রী দার আদালতের গত তিনটি শুনানিতে হাজির হননি। এর পেছনে অসুস্থতার কারণে চিকিৎসাধীন থাকার যুক্তি দেন তাঁর আইনজীবী।

অর্থমন্ত্রী দারকে হাজির করতে ব্যর্থ হওয়ায় তাঁর জামিনদার আহমেদ আলী কুদুসিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত। অর্থমন্ত্রী কবে আদালতে হাজির হতে পারবেন জানতে চাইলে কুদুসি বলেন, দার বর্তমানে লন্ডনে রয়েছেন। তাঁর পরিপূর্ণভাবে সুস্থ হতে তিন থেকে ছয় সপ্তাহ লাগতে পারে। ২১ নভেম্বর আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
জেড