ইরাকে আইএসআইএলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে আমেরিকাকে কোন ধরনের সহযোগিতা করবে না ইরান। কারণ, তেহরান মনে করে, এই গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সরকারের আন্তরিকতা নেই। রোববার এ কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক সম্মেলনে যোগ দিতে বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন। সেখানে তিনি মার্কিন টিভি চ্যানেল পিবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের এ অবস্থানের কথা জানান।
তার কাছে জানতে চাওয়া হয়- ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি কেন আইএসআইএলের বিরুদ্ধে যুদ্ধে সহযোগিতার মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন? এর জবাবে জারিফ বলেন, মার্কিন সরকার সত্যিই আইএসআইএলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় কি না তা নিয়ে তেহরানের ঘোরতর সংশয় রয়েছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী একইসঙ্গে বলেন, আইএসআইএলকে নির্মূল করার ক্ষেত্রে ইরাক সরকারের পাশাপাশি স্বায়ত্বশাসিত কুর্দিস্তানের স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করবে তেহরান। সেইসঙ্গে ইরাকে কোনো বহিঃশক্তির সামরিক পদক্ষেপেরও বিরোধী তেহরান।
মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, বিশ্বের বহু দেশ এখনো আইএসআইএলকে অর্থ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করছে। কাজেই এ গোষ্ঠীকে নির্মূল করতে সামরিক অভিযান চালানোর আগে এই অর্থ ও অস্ত্রের ঢল বন্ধ করতে হবে।
আইএসআইএল-এর বিরুদ্ধে লড়াই করার জন্য সিরিয়ার কথিত 'উদারপন্থী' বিদ্রোহীদের হাতে অস্ত্র তুলে দেয়ার যে সিদ্ধান্ত ওয়াশিংটন নিয়েছে তারও কড়া সমালোচনা করেন জাওয়াদ জারিফ।
তিনি বলেন, মার্কিন সরকার যদি সিরিয়ার কেন্দ্রীয় সরকারকে দুর্বল করতে সহায়তা করে তাহলে প্রকারান্তরে আইএসআইএল শক্তিশালী হবে এবং সিরিয়ার নতুন নতুন এলাকা দখল করবে। এতে সন্ত্রাসবাদ নির্মূল হওয়ার পরিবর্তে আরো বেশি শক্তিশালী হবে। সূত্র: আইআরআইবি
ঢাকা, ২০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ





