দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ভবন ব্লু হাউজে হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। শুক্রবার উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন এ হুমকি দিয়েছেন বলে দেশটির সরকারি বার্তা সংস্থায় দাবি করা হয়েছে।

চলতি বছরের শুরুতে উত্তর কোরিয়া চতুর্থবারের মতো পারমাণবিক বোমার সফল পরীক্ষার ঘোষণা দিলে কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা দেখা দেয়।

গত কয়েক মাসে উত্তর কোরিয়া বেশ কয়েকবার স্বল্প, মাঝারি ও দূরপাল্লার ক্ষেপনাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এসব ঘটনায় দক্ষিণ কোরিয়ার পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে। এছাড়া আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী গত ৭ মার্চ থেকে প্রায় মাসব্যাপী যৌথ সামরিক মহড়া শুরু করলে উত্তর কোরিয়ার পক্ষ থেকেও হুশিয়ারি উচ্চারণ করা হয়। শুক্রবার উত্তর কোরিয়ার গোলন্দাজ বাহিনী তাজা গুলি ব্যবহার করে সামরিক মহড়া শুরু করেছে।

এসময় কিম জং উন সেনাবাহিনীকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেন। এর কারণ হিসেবে তিনি বলেন, শয়তানের আখড়া প্রতিক্রিয়াশীল সিউলের ওপর যাতে নির্দয় হামলা চালানো যায় এবং নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক জাতীয় পুর্নমিলনের উদ্দেশ্য বাস্তবায়িত করা যায় সেজন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে।

উক্ত মহড়ায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক হিউ গিনের সরকারি বাসভবন ব্লু প্যালেসের মতো তৈরি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর অনুশীলন করা হয়। মহড়ায় নানা ধরণের দূরপাল্লার শত শত গোলন্দাজ ইউনিট অংশ নিয়েছে।

 

এমআইএস।