আধুনিক সমাজের প্রতি বিতৃষ্ণা হয়ে আত্মহত্যা করেছেন এক ব্রিটিশ মহিলা। আত্মহত্যার আগে তিনি বলে গেছেন, কম্পিউটার, টেলিভিশন আর অন্যান্য আধুনিক প্রযুক্তি তাকে ধ্বংস করে দিয়েছে। খবর মিরর অনলাইনের।
৮৯ বছর বয়সী আন্না নামের ওই মহিলা সুইজারল্যান্ডের একটি অনুমোদিত ক্লিনিকে আত্মহত্যা করেন। ব্রিটেনে আত্মহত্যার অনুমোদন না থাকায় তিনি সুইজার‌ল্যান্ডে গিয়ে আত্মহত্যা করেন।
আন্নার যুক্তি, কম্পিউটারসহ আধুনিক প্রযুক্তি মানুষকে রোবট বানিয়ে ফেলছে। মানুষের মধ্যে মানবতাবোধ ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এই পরিবেশে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই বরং ভালো।
মৃত্যুর আগে তিনি লিখে গেছেন, "মানুষজন কেন কম্পিউটার ও টেলিভিশনের সামনে বসে থাকে? আমার তো কোন টেলিভিশন নেই। এসব ব্যবহার করে মানুষগুলো একাকী হয়ে পড়ছে। আমরা রোবটে পরিণত হচ্ছি। আর মানবতাবোধও হারিয়ে যাচ্ছে।"
ব্যক্তিগত জীবনে আন্না ছিলেন অবিবাহিত। তার কোন ছেলেমেয়ে নেই। তিনি একটি আর্ট স্কুলের শিক্ষক ছিলেন। রোববার সুইজারল্যান্ডের জুরিখের একটি ক্লিনিকে এক ধরনের তরল চেতনানাশক ঔষুধ খেয়ে চলে যান না ফেরার দেশে। সূত্র: মিরর অনলাইন
[b]ঢাকা, ০৭ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ[/b]