নেসলে কোম্পানির ম্যাগি নুডলসে ক্ষতিকারক উপাদান পাওয়া গেছে। এ ঘটনায় ভারতের দিল্লিতে নুডলসটির বিক্রি নিষিদ্ধ হতে পারে। কেরালা রাজ্যে ইতোমধ্যে ম্যাগি’র বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
দিল্লি প্রশাসনের পক্ষ থেকে গত মঙ্গলবার বলা হয়েছে, রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে নেওয়া ম্যাগি নুডলসের ১৩টি প্যাকেটের মধ্যে ১০টিতেই শরীরের জন্য ক্ষতিকারক উপাদান পাওয়া গেছে। এ ঘটনার পর নেসলের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি প্রশাসন। এমনকি নুডলসটি নিষিদ্ধের ঘোষণাও আসতে পারে।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র কুমার জানান, সরকার আইনগত ব্যবস্থা নেবে। খাদ্যে কোনো ধরনের ভেজাল সহ্য করা হবে না।
রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নেসলের ভারতীয় শাখার কর্মকর্তাদের তলব করা হয়েছে। পরীক্ষার বিস্তারিত ফলাফল পাওয়া গেলে আরও ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এদিকে কেরালায় রাজ্য প্রশাসনের চালিত দোকানগুলোতে ম্যাগি নুডলসের বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। পণ্যের মান পরীক্ষা শেষ হলে অন্যান্য দোকানগুলোতেও তা নিষিদ্ধ করা হতে পারে।
হরিয়ানা, কর্নাটক ও গুজরাট রাজ্যে ম্যাগি নুডলসের মান পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে বিষয়টি নিয়ে বুধবার বৈঠকে বসবে রাজ্য সরকার।
এদিকে ম্যাগি নুডলসের ঘটনায় বলিউড তারকা অমিতাভ বচ্চন, মাধুরী দীক্ষিত ও প্রীতি জিনতার বিরুদ্ধে প্রাথমিক অভিযোগ (এফআইআর) দায়েরের নির্দেশ দিয়েছেন বিহারের আদালত। এক আইনজীবীর করা এক পিটিশনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়ার।
কেএইচ





