ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসছেন আজ। গত বছর দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশে এটি তার প্রথম সফর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আজ ঢাকায় পৌঁছে ৮ ডিসেম্বর নিজ দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ও অর্থনীতি বিষয়ক মন্ত্রীসহ ১০ সদস্যের একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দল তার সফরসঙ্গী হচ্ছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ভুটানের পার্লামেন্টে দেশটির প্রধানমন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করলে, তার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী (শেখ হাসিনা) তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বাংলাদেশে অবস্থানকালে দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বৈঠকে বিদ্যুৎ, জলসম্পদ ব্যবস্থাপনা, কৃষি, ব্যবসা-বাণিজ্য, আন্তঃযোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদি ক্ষেত্রসহ উভয় দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সফরকালে বাংলাদেশ ও ভূটানের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিটিও নবায়নের সম্ভাবনা রয়েছে।

সফরকালে ভুটানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়াও তার মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, বিরোধী দলীয় নেতা ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।

এদিকে ঢাকা সফররত গাম্বিয়ার বাণিজ্য, শিল্প, আঞ্চলিক সংহতি ও কর্মসংস্থান মন্ত্রী আব্দুলি জোবে সোমবার পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাক্ষাত করেন।

এ সময় জোবের নেতৃত্বে গাম্বিয়ার বাণিজ্য প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও গাম্বিয়া কৃষি এবং শিল্প ক্ষেত্রে নিজেদের তুলনামূলক সুবিধাসমূহ কাজে লাগিয়ে উভয় দেশই লাভবান হতে পারে।

মন্ত্রী বাংলাদেশ থেকে গাম্বিয়াকে ওষুধ, সিরামিক পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্যাদি প্রতিযোগিতামূলক মূল্যে আমদানি করতে পারে বলে জানান।

এসএইচ