মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, এখন থেকে সিরিয়ায় রুশ সেনাবাহিনীর সঙ্গে ওয়াশিংটনের কোনো সহযোগিতা থাকবে না।
গত সপ্তাহে হেলসিংকিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকে সিরিয়ার শরণার্থীদের নিজ দেশে নিরাপদ প্রত্যাবর্তনের ব্যাপারে ওয়াশিংটনকে সহযোগিতা করতে মস্কো প্রস্তাব দেয়ার পর ম্যাটিসের বক্তব্য এলো।
দুই দেশের প্রেসিডেন্টের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে এই বিষয়ে আলোচনা করা হয়েছে বলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত শুক্রবার (২০ জুলাই) নিশ্চিত করেছিলেন। তবে সিরিয়ায় রুশ সেনাবাহিনীর সঙ্গে মার্কিন বাহিনীর সম্ভাব্য সহযোগিতার বিষয়ে দেয়া পম্পেও'র বক্তব্যে মার্কিন প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা হতাশ হয়েছেন বলে মনে করা হচ্ছে।
কারণ রাশিয়া যেখানে সিরিয়ার সরকার বিরোধী সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সেখানে এসব সন্ত্রাসীদের সামরিক সহযোগিতা দিচ্ছে আমেরিকা।
সিরিয়ার আকাশ পথে বা স্থলভাগে কোনো ধরনের সংঘর্ষ এড়াতে রাশিয়ার সঙ্গে মার্কিন নেতৃত্বাধীন সামরিক বাহিনীর যোগযোগ বিশেষ হটলাইনে রক্ষা করা হচ্ছে বলে জানা গেছে।
গতাকল (মঙ্গলবার) ক্যালিফোর্নিয়ায় এক সংবাদ সম্মেলনে ম্যাটিস বলেন, রাশিয়ার সঙ্গে কি পর্যায়ে কাজ করব সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট আমাদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত আমরা বাড়তি কিছুই করব না।
এমবি





