অপরাধী চক্রের সদস্য সন্দেহে গুলি করে ২২ জনকে হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার মেক্সিকোর এক সেনা কর্মকর্তা ও সাত সৈন্যকে আটক করা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শী জানান, ওই ২২ জনের মধ্যে ২১ জন সৈন্যদের কাছে আত্মসমর্পণ করা সত্ত্বেও তাদেরকে হত্যা করা হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আটক কর্মকর্তা ও সৈন্যদের মেক্সিকো সিটির একটি সামরিক কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। কর্তব্যে অবহেলার অভিযোগে এদেরকে বিচারের সম্মুখীন হতে হবে।

এই হত্যাকাণ্ডের এক প্রত্যক্ষদর্শী তথাকথিত বন্দুকযুদ্ধে তার ১৫ বছরের মেয়ের নিহত হওয়ার কথা প্রকাশ করেন। এসকয়ার সাময়িকীর ল্যাটিন আমেরিকা সংস্করণে তার বক্তব্যটি প্রকাশিত হবার এক সপ্তাহ পর ওই হত্যাকাণ্ডে জড়িত সেনা সদস্যদের গ্রেফতার করা হয়। খবর এএফপি’র।

গ্রেফতারকৃতদের সামরিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগেরও সম্মুখীন হতে হবে বলে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ২০১৪ সালের ৩০ জুন তাতলায়াতে সৈন্যরা এই অভিযানে অংশ নেয়।

মেক্সিকো সিটির ২৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই ঘটনা ঘটে।

অভিযোগটি প্রমাণিত হলে এটা হবে ২০১২ সালের ডিসেম্বর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতোর দায়িত্ব গ্রহণের পর সশস্ত্র বাহিনীর সবচেয়ে ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনা। তাতলায়া ঘটনার সাক্ষীকে রক্ষায় এবং এ ঘটনায় একটি নিরপেক্ষ তদন্ত চালাতে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো কর্তৃপক্ষের কাছে আহবান জানিয়েছে।

ঢাকা, ২৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএমএ