মালদ্বীপের রাজধানী মালেতে পানি সংকট দেখা দেয়ায় মালয়েশিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে এসেছেন দেশটির প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন। রোববার প্রেসিডেন্টের দপ্তরের কর্মকর্তারা এ খবর জানান।
মালদ্বীপের রাজধানী মালের প্রধান পানি শোধনাগারটি অগ্নিকাণ্ডের কারণে বিকল হয়ে পড়ায় খাবার পানির সংকট সৃষ্টি হয়। রাজধানীর বাসিন্দারা তৃতীয় দিনের মতো খাবার পানির সংকটে ভুগছেন। এ নিয়ে বাসিন্দাদের মধ্যে অসন্তোষ বেড়ে চলছে। জনগণ পানির দাবিতে রাজপথে নেমে আসছে। পরিস্থিতি মোকাবেলায় প্রেসিডেন্ট তার সফর সংক্ষিপ্ত করলেন।
রাষ্ট্রপতি দফতরের এক বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট ইয়ামিন তার মালয়েশিয়া সফর সংক্ষিপ্ত করে (শনিবার রাতে) মালে ফিরে এসেছেন।’
ইয়ামিন শনিবার দেশবাসীকে জাতীয় সংকট নিরসনে সরকারের সঙ্গে সহযোগিতা করার পাশাপাশি ‘ধৈর্যশীল ও ঐক্যবদ্ধ’ থাকার আহ্বান জানান।
পানি সংকটের কারণে বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়েছে এবং রেশন পদ্ধতিতে পানির বোতল বিতরণকারী দোকানগুলোতে হামলার ঘটনা ঘটেছে। এ প্রেক্ষাপটে সরকার জনরোষ প্রশমিত করতে রোববার ও সোমবার সরকারি ছুটি ঘোষণা করেছেন।
বাসিন্দাদের কাছে জরুরি পানি সরবরাহ পৌঁছতে শুরু করায় রোববার মালের পরিস্থিতি শান্ত রয়েছে।
শনিবার সরকারের পক্ষ থেকে বলেছে যে, তারা এক লাখ ২০ হাজার রাজধানীবাসীকে বিনামূল্যে পানি সরবরাহ করবে, কিছু পানি বিতরণ কেন্দ্রে বিদেশী শ্রমিকদের পানি দেয়া হচ্ছে না বলে খবর বেরোনোর পর বলা হয়, বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলংকা থেকে আসা হাজার হাজার অভিবাসী শ্রমিককেও পানি সরবরাহ করা হবে।
মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আবদুল গাইয়ুমও মালদ্বীপের জনগণের প্রতি শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।
জেডআই





