চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারত সীমান্তে সামরিক উপস্থিতি বাড়াতে চাচ্ছে পাকিস্তান। আফগান সীমান্ত থেকে সৈন্য ভারত সীমান্তে মোতায়েন করতে পারে বলে পাকিস্তানি মিডিয়ায় বলা হচ্ছে।
নাইন ইলেভেনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের অনুরোধে আফগানিস্তান সীমান্তে সৈন্য বাড়াতে হয়েছিল পাকিস্তানকে।
পাকিস্তান যাতে ভারতের পক্ষ থেকে কোনো ধরনের হামলার আশঙ্কা ছাড়াই এই কাজটি করতে পারে সেজন্য ২০০৩ সালে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইসলামাবাদ-দিল্লির মধ্যে একটি সমঝোতার ব্যবস্থা করে দিয়েছিলেন।
সেই আলোকে ১৪ বছর নিয়ন্ত্রণরেখা বরাবর মোটামুটি শান্ত অবস্থা ছিল।
বর্তমানে আফগানিস্তান সীমান্তে প্রায় দেড় লাখ সৈন্য রয়েছে পাকিস্তানের। আফগান পরিস্থিতি তুলনামূলক শান্ত হওয়ায় সেখানে আগের মতো বিপুল সৈন্যের উপস্থিতির প্রয়োজন কমে গেছে।
আর ভারতের সাথে উত্তেজনা বাড়তে থাকায় ওই সৈন্য এখানে মোতায়েন করা হতে পারে।
মঙ্গলবার জাতীয় নিরাপত্তা কমিটিতে সামরিক ও বেসামরিক নেতৃত্বের একটি বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে ডন পত্রিকা জানিয়েছে।
এমবি/কেবি





