অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন করে সীমান্তে গুলিবর্ষণের অভিযোগে ভারতের বিরুদ্ধে জাতিসংঘে চিঠি পাঠিয়েছে পাকিস্তান। রোববার জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে চিঠিটি লিখেন পাকিস্তানের প্রধানমন্ত্রীর জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ। খবর ডন অনলাইনের।

গত কয়েকদিনে ভারতের বিতর্কিত কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তান উভয় দেশ ব্যাপক গোলাবর্ষণ করে। এতে অন্তত ১৭ জন বেসামরিক ব্যক্তি নিহত হন। গত এক দশকের মধ্যে সীমান্তে এত অল্প সময়ে এটাই সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। প্রথম ভারত গোলাবর্ষণ করে বলে পাকিস্তান অভিযোগ করছে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে দুই দেশ অস্ত্রবিরতির জন্য করা ২০০৩ সালের চুক্তিটি আবার কার্যকর করতে সম্মত হয়। কিন্তু চলতি বছর থেমে থেমে চলছে সীমান্তে গোলাবর্ষণ।

পাকিস্তান তার চিঠিতে জম্মু ও কাশ্মীর সমস্যার সমাধান জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের স্মারক অনুযায়ী করার আহবান জানিয়েছে। এ ব্যাপারে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্ব পালনের ব্যাপারটি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে চিঠিতে। সূত্র: ডন

এসএমএ