ইরানের সঙ্গে পরমাণু ক্ষেত্রে নজিরবিহীন সহযোগিতা হবে বলে জানিয়েছেন রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়ানকোভ। তিনি বলেছেন,আন্তর্জাতিক বিধির আওতায় এ সব সহযোগিতা হবে।

তিনি বলেন, শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের সঙ্গে আরো সহযোগিতার সম্ভাবনা রাশিয়া নাকচ করে দিচ্ছে না।

ইরানের সঙ্গে বিরাজমান যে সব চুক্তির আওতায় এখন কাজ করা হচ্ছে তা এবং আন্তর্জাতিক বিধান কঠোর ভাবে মেনে এ জাতীয় সহযোগিতা হতে পারে বলে জানান তিনি।

কোন কোন ক্ষেত্রে এ জাতীয় সহযোগিতা হতে পারে তা নিয়ে কথা বলার সময় এখনো আসে নি উল্লেখ করে রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ ক্ষেত্রে সব ধরণের এবং সব পর্যায়ের সহযোগিতা হতে পারে। এমন কি পরমাণু ক্ষেত্রে নজিরবিহীন সহযোগিতা হতে পারে বলেও এ সময়ে জানান তিনি।

আন্তর্জাতিক পরমাণু অস্ত্র-বিস্তার রোধ চুক্তির আওতায় পরমাণু প্রযুক্তির ক্ষেত্রে ইরানকে সহযোগিতা করা হচ্ছে এবং তা ভবিষ্যতে বজায় থাকবে বলেও নিশ্চিত করেন তিনি।

১৯৭৫ সালে জার্মানীর সিমেন্স কোম্পানির সহযোগিতায় প্রথম বুশেহর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছিল ইরান। কিন্তু ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব হওয়ার পর সিমেন্স কোম্পানি এ কাজ অসমাপ্ত রেখে চলে যায়। ১৯৯৪ সালে রাশিয়ার সঙ্গে পরমাণু চুক্তি সই করে ইরান এবং এর ভিত্তিতে কেন্দ্রটির নির্মাণ কাজ শেষ করা হয়।সূএ: রেডিও তেহরান

 

ইআর