ইয়েমেনের রাজধানী সানা’র একটি সামরিক বিমান ঘাঁটিতে আজ (শনিবার) সৌদি জঙ্গিবিমান হামলা করেছে।
ইয়েমেনের সংবাদ মাধ্যম এ খবর দিয়েছে। তবে সানা’র আদ-দাইলামি বিমান ঘাঁটিতে সৌদি জোটের বিমান হামলার ক্ষয়ক্ষতির বিবরণ এখনো পাওয়া যায় নি।
দেশটির ওপর সৌদি জোটের আগ্রাসনের ১৭তম দিনেও নির্বিচারে বিমান হামলা অব্যাহত রয়েছে। এদিকে, উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জাওয়াফের আল-মাতমা অঞ্চলেও বিমান হামলা করেছে সৌদি জোট।
এ ছাড়া, আগ্রাসন শুরুর পর থেকে বন্দর নগরী এডেনে ভয়াবহ বিমান হামলা হয়েছে। নগরীর স্টেডিয়াম এবং কয়েকটি চেকপয়েন্টের ওপর প্রচণ্ড বিমান হামলা হয়েছে বলে এডেনের অধিবাসীরা জানিয়েছেন।
এদিকে, কয়েক ঘণ্টার জন্য মানবিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের গতকালের আহ্বানে বলা হয়েছে, যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনের নিরীহ মানুষের চিকিৎসা ও মানবিক সহযোগিতার একান্ত প্রয়োজন রয়েছে।
জাতিসংঘের আহ্বানের প্রতি এখনো তোয়াক্কা করে নি সৌদি জোট। গতমাসের ২৬ তারিখ থেকে ইয়েমেনে বিমান আগ্রাসন শুরু করেছে সৌদি জোট। জাতিসংঘকে পাশ কাটিয়ে শুরু করা এ আগ্রাসনে এ পর্যন্ত দুইশ’ শিশুসহ এক হাজারের বেশি নিরীহ ইয়েমেনি নিহত হয়েছে বলে জানিয়েছেন আনসারুল্লাহ যোদ্ধাদের এক মুখপাত্র। রেডিও তেহরান।
ইআর





