উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন দেশটির সেনাবাহিনীকে যেকোনো মুহূর্তে ব্যবহারের জন্য পারমাণবিক অস্ত্র প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন ।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম কেসিএনএ-এর তথ্যমথে জানা যায় যে, শুক্রবার এক সামরিক মহড়ায় কিম এই নির্দেশ দেন।
শুক্রবারের ঐ মহড়ায় কিম আরো বলেন যে, আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে, যাতে যে কোনো মুহূর্তে আমরা নিউক্লিয়ার ওয়ারহেড ছুড়তে পারি।
এদিকে চলতি বছরের ৬ জানুয়ারি তথাকথিত হাইড্রোজেন বোমার পরীক্ষা ও ৭ ফেব্রুয়ারি রকেট উৎক্ষেপণের পর বুধবার উত্তর কোরিয়ার উপর নতুন করে অবরোধ আরোপের ঘোষণা দেয় জাতিসংঘ। সাগরে স্বল্প পাল্লার ছয়টি ক্ষেপণাস্ত্র ছুড়ে বৃহস্পতিবার তার জবাব দেয় উত্তর কোরিয়া। এরপর এলো পারমাণবিক অস্ত্রের এই হুমকি।
বুধবার নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে উত্তর কোরিয়ার মিত্র চীনসহ সবগুলো সদস্য রাষ্ট্রই যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নিষেধাজ্ঞার পক্ষে সায় দেয়। উত্তর কোরিয়া যাতে তাদের পারমাণবিক কর্মসূচির জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে না পারে, সেই চেষ্টাতেই নতুন এ নিষেধাজ্ঞা।
কেসিএনএ-এর খবরে বলা হয়, নতুন নিষেধাজ্ঞার পর কিম সেনাবাহিনীর সমর কৌশল পরিবর্তন করে প্রয়োজনে আগে আক্রমণে যাওয়ার প্রস্তুতি রাখতে বলেন।
দেশটির এ শীর্ষ নেতা আরো অভিযোগ করেন যে, শত্রুরা উত্তর কোরিয়ার টিকে থাকার জন্য হুমকি হয়ে উঠছে। চূড়ান্ত এই সময়ে, আমেরিকা যখন অন্য দেশের ওপর যুদ্ধ আর ধ্বংস চাপিয়ে দিতে চাইছে; এই পরিস্থিতিতে আমাদের সার্বভৌমত্ব ও বেঁচে থাকার অধিকার নিশ্চিত করার একমাত্র উপায় পারমাণবিক বোমার সামর্থ্য বাড়ানো।
উত্তর কোরিয়ার এই অবস্থান উত্তেজনাকে আরও তীব্রতর করবে বলে প্রতিক্রিয়াব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র।
এ ধরনের উসকানিমূলক পদক্ষেপ পরিহার করতে উত্তর কোরিয়ার প্রতি আহবান জানান পেন্টাগনের মুখপাত্র কমান্ডার বিল আরবান।
এমআইএস।