আফগানিস্তানের উত্তরাঞ্চলের কুন্দুজে হাসপাতালে বিমান হামলা চালানো ভুল ছিল বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

আফগানিস্তানে নিযুক্ত আন্তর্জাতিক বাহিনীর মার্কিন কমান্ডার জেনারেল জন ক্যাম্পবেল এ ভুল স্বীকার করে জানান, যুক্তরাষ্ট্র কখনোই ইচ্ছাকৃতভাবে সুরক্ষিত চিকিৎসা স্থাপনায় হামলা চালায় না।

২০১৬ সালের পরও আফগানিস্তানে সেনা মোতায়েন রাখার বিষয়টি যুক্তরাষ্ট্রের বিবেচনাধীন বলে জেনারেল ক্যাম্পবেল জানান।

তিনি বলেন, আফগানিস্তানে তালেবানের উত্থান ঠেকাতে এবং আফগান সেনাদের লড়াইয়ের শক্তি যোগাতে এ ধরনের পদক্ষেপ প্রয়োজন হতে পারে।

কুন্দুজে ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) পরিচালিত একটি হাসপাতালে শনিবার মার্কিন বিমান হামলায় কমপক্ষে ২২ জন নিহত হয়। হামলায় হাসপাতালটির ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এমএসএফ ওই ভবনটি আর ব্যবহার করছে না।

এমএসএফ এ ঘটনাকে ‘যুদ্ধাপরাধ’হিসেবে উল্লেখ করে এর তদন্ত দাবি করছে।

এদিকে, কুন্দুজ দখলে তালেবানের সঙ্গে আফগান বাহিনীর তীব্র লড়াই চলছে। তালেবান হটাতে আফগান বাহিনীকে সহায়তা করছে মার্কিন বাহিনী। সূত্র : বিবিসি।

কেএইচ