মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল গ্রিসের দু’টি দ্বীপে হাজার হাজার শরণার্থী এবং সম্ভাব্য অভিবাসীদের শোচনীয় পরিবেশে আটক রাখার কঠোর নিন্দা করেছে।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং তুরস্কের মধ্যে সম্পাদিত চুক্তির আওতায় এ সব শরণার্থীকে গ্রিসের লেসভোস এবং চিওস দ্বীপে আটক রাখা হয়েছে।
এ চুক্তি শরণার্থীদের অধিকার পদদলিত করছে উল্লেখ করে অ্যামনেস্টি বলেছে, আটক ব্যক্তিদের আইনি সহায়তা নেয়ার এবং তাদের বর্তমান অবস্থা বা ভবিষ্যত সম্পর্কে জানার কোনো উপায় নেই।
এ ছাড়া, তাদেরকে সীমিত সেবা ও সমর্থন দেয়া হচ্ছে বলে উল্লেখ করেছে অ্যামনেস্টি। মানবাধিকার সংস্থাটি বলেছে, দ্বীপ দু’টিতে আটক শরণার্থীদের মধ্যে হতাশা এবং আতঙ্ক বিরাজ করছে। মারাত্মক এ পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি।
এ ছাড়া, শরণার্থীদের তুরস্কে সম্ভাব্য প্রত্যাবর্তনের বিরোধিতা করে অ্যামনেস্টি বলেছে, বর্তমানে দেশটি শরণার্থীদের জন্য মোটেও নিরাপদ নয়।
এমআইএস।





