সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) শক্তিশালী ঘাঁটি রাক্কায় বড় ধরনের হামলা চালিয়েছে ফরাসি জঙ্গি বিমান। রোববার রাতে এ হামলা চালানো হয়। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। খবর এপি, এএফপি, রয়টার্সের।
গত শুক্রবার প্যারিসে সন্ত্রাসী হামলায় ১২৯ জন নিহত হওয়ার পর আইএসের অবস্থানে এটাই ফ্রান্সের প্রথম আঘাত।
সিরিয়ায় রাক্কায় থাকা বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনও ফরাসি বিমান হামলার তথ্য নিশ্চিত করেছে। হামলায় শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি পানির ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাক্কায় দুই লাখ লোক বাস করে।
স্বেচ্ছাসেবীদের মতে আইএসের বিভিন্ন অবস্থানে ফরাসি জঙ্গি বিমান ৩০টি বোমা ফেলে। তবে ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, লক্ষ্যবস্তুতে ২০টি বোমা ফেলা হয়েছে। যেসব লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে, তার মধ্যে রয়েছে আইএসের একটি কমান্ড পোস্ট, অস্ত্র গুদাম, প্রশিক্ষণ শিবির স্টেডিয়াম, জাদুঘর ও হাসপাতাল।
যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে এ হামলা চালানো হয়। হামলায় অংশ নেয় ফ্রান্সের ১০টি রাফায়েল যুদ্ধবিমান। জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের ঘাঁটি থেকে যুদ্ধবিমানগুলো সিরিয়ায় উড়ে যায়।
হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ বা কেউ হতাহত হয়েছে কি না সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
আইএসবিরোধী অভিযানের নেতৃত্বে থাকা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রেখেই ফরাসি বিমানবাহিনী এই অভিযান চালায় বলে বিবিসির এক খবরে বলা হয়।
গত শুক্রবার সন্ধ্যায় প্যারিসের পাঁচটি স্থানে একই সময়ে অ্যাসল্ট রাইফেল ও বোমা নিয়ে আত্মঘাতী ওই হামলায় নিহত হয়েছেন ১২৯ জন। আইএস এ হামলার দায় স্বীকার করে।
ওই হামলার ঘটনাকে ‘যুদ্ধের শামিল’ বিবেচনা করে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এর ‘নির্দয়’ জবাব দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
এমএইচ





